প্রকাশিত: ১৬:১২, ১৪ অক্টোবর ২০২৬ আপডেট: ১৬:২১, ১৪ অক্টোবর ২০২৬
সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটি আটক করে
কেনাকাটা শেষে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে আশুলিয়ায় দ্রুতগতির বালুভর্তি ড্রাম ট্রাক চাপায় মো. ইমান আলী (৪৮) নামে এক পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে জামগড়া চৌরাস্তা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক রাশেদুজ্জামান।
নিহত মো. ইমান আলীর বাড়ি আশুলিয়ার নরসিংহপুর। তিনি ওই এলাকার মৃত বিনাত আলী ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ইমান আলী ও তার স্ত্রী একসঙ্গে মার্কেটে কেনাকাটা শেষ করে জামগড়া চৌরাস্তা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় স্ত্রী রাস্তা পার হতে পারলেও ইমান আলী পেছনে পড়ে যান। ঠিক সেই মুহূর্তে দ্রুতগতির একটি বালুভর্তি ড্রাম ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক রাশেদুজ্জামান জানান, এ ঘটনায় ট্রাকটি (ঢাকা মেট্রো- ট- ১৭- ০৪৮০) ও এর চালক ইব্রাহিমকে (২৪) আটক করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে আটক চালকের বিস্তারিত পরিচয় জানা যায়নি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
