আলজেরিয়ায় ‘আসিয়া জেবার’ উপন্যাস পুরস্কারের অষ্টম আসরে শনিবার তিনজন লেখককে পুরস্কৃত করা হয়েছে। আরবি, আমাজিগ ও ফরাসি ভাষায় রচিত উপন্যাসের স্বীকৃতির মধ্য দিয়ে আলজেরীয় সাহিত্যের ভাষাগত বৈচিত্র্যকে তুলে ধরা হয়েছে এই আয়োজনে।
পুরস্কারের বিচারক হিসেবে সারা মুহাম্মদ মারিশ, ফরিদা সাহউই ও হুসনি কিতুনিকে তাদের উপন্যাসের জন্য বিজয়ী ঘোষণা করেন। তাদের পুরস্কৃত উপন্যাসগুলো যথাক্রমে আরবি, আমাজিগ ও ফরাসি ভাষায় প্রকাশিত হয়েছে।
বিজ্ঞাপন
মারিশ তার আরবি উপন্যাস ‘আর-রাফরাফ : পর্বতের পৌরাণিক জীবনকথা’র জন্য পুরস্কার পেয়েছেন। বইটি নিমোরিস প্রকাশনা ও মুদ্রণ সংস্থা থেকে প্রকাশিত হয়েছে। সাহউই আমাজিগ ভাষায় লেখা ‘আগুস’ (বন্ধনী) উপন্যাসের জন্য পুরস্কৃত হয়েছেন। বইটি প্রকাশ করেছে তালসা প্রকাশনা সংস্থা। অন্যদিকে হুসনি কিতুনি ফরাসি ভাষায় রচিত ‘মৃত্যু আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিয়েছে’ উপন্যাসের জন্য পুরস্কার পেয়েছেন। বইটি প্রকাশ করেছে কাসবা প্রকাশনা সংস্থা।
মারিশের পুরস্কারপ্রাপ্তিতে নিমোরিস প্রকাশনা ও মুদ্রণ সংস্থা ফেসবুকে এক পোস্টে আনন্দ প্রকাশ করে। প্রকাশনা সংস্থাটি জানায়, এই স্বীকৃতি তাদের জন্য গর্বের এবং লেখিকার সঙ্গে সেই আনন্দ ভাগ করে নিতে চায় তারা, যারা বিশ্বাস করেন সাহিত্য কেবল লিখিত শব্দ নয়; বরং এটি স্মৃতি সংরক্ষণ, মানবিক অভিজ্ঞতার বয়ান এবং পাঠকের কাছে পৌঁছানোর যোগ্য সৃজনশীল কণ্ঠস্বরের প্রকাশ।
প্রকাশনা সংস্থাটি আরো জানায়, আর-রাফরাফ’ উপন্যাসের এই সাহিত্যিক স্বীকৃতি বইটি এবং এর লেখিকার জন্য একটি বিশেষ অধ্যায়। পুরস্কার অর্জনের মধ্য দিয়ে সেই যাত্রা নতুন মাত্রা পেয়েছে।
আলজেরিয়ার জাতীয় যোগাযোগ, প্রকাশনা ও বিজ্ঞাপন সংস্থা আয়োজিত এই পুরস্কার ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়। আলজেরীয় সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব লেখক ও শিক্ষাবিদ আসিয়া জেবারকে (১৯৩৬-২০১৫) সম্মান জানাতে তার নামে এই পুরস্কারের প্রবর্তন করা হয়।
সূত্র : আলজাজিরা
গ্রন্থনা : সিয়াম আন নুফাইস
