মাদারীপুরের কালকিনি উপজেলায় চার হামলাকারীর হামলাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন।
নিহত তাইজুল সরদার (২৪) ওই হামলাকারীদের একজন ছিলেন বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অনুসন্ধান) জাহাঙ্গীর আলম।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিগঞ্জ বাজারে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জাহাঙ্গীর আলম জানান, তাইজুলসহ চারজন একটি অটোরিকশায় করে চায়ের দোকানের সামনে আসেন। তাদের পরনে কালো বোরকা ও গোলাপি হিজাব ছিল। তারা সেখানে ককটেল বিস্ফোরণ ঘটান।
এরপর ওই চারজন চায়ের দোকানে বসে থাকা দুই ভাই জহির ও মহাসিনকে ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন। এতে তারা আহত হন।
পরে হামলাকারীদের সঙ্গে দুই ভাইয়ের সহযোগীদের সংঘর্ষ শুরু হয়। এতে তাইজুলসহ তিনজন ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। অন্য তিন হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
স্থানীয়রা তাইজুল, জহির ও মহাসিনকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
তবে ঢাকায় নেওয়ার পথে তাইজুলের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে আলামিন সরদার মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্য আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
জাহাঙ্গীর আলম বলেন, তাইজুলের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা ছিল, যার মধ্যে দুটি হত্যা মামলাও রয়েছে।
ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবার রাত পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।
ময়নাতদন্ত শেষে তাইজুলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জনসমক্ষে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
