সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন ৩৬৪ জন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি।
তিনি জানান, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ১৭ জন এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আসির অঞ্চলের আবহা বিমানবন্দরে দুজন নিহত হয়েছেন। এর মধ্যে গত শনিবার রিয়াদের বিমানবন্দরে সবচেয়ে প্রাণঘাতী হামলা চালায় হুথিরা। ওই হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত হন। পরে নিহতের সংখ্যা আরও বাড়ে।
সংবাদমাধ্যম আল-আখবারিয়াকে তুর্কি আল-মালিকি বলেন, অক্টোবরের শুরুতে সৌদি আরবে হুথিদের হামলার তীব্রতা বেড়েছে। এর আগে জুলাই থেকে সৌদি আরবের সঙ্গে ইরান-সমর্থিত গোষ্ঠীটির সংঘাত শুরু হয়।
তিনি আরও জানান, অক্টোবরের শুরু থেকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ২০ বার হামলার শিকার হয়েছে। ৭ থেকে ১১ অক্টোবর পর্যন্ত এসব হামলায় বিমানবন্দরটিতে ১৭ জন নিহত ও ৩৩৩ জন আহত হয়েছেন।
এ ছাড়া আসির অঞ্চলের আবহা বিমানবন্দরে হামলায় দুজন নিহত ও ২৮ জন আহত হয়েছেন। অন্যদিকে জাজান অঞ্চলের কিং আবদুল্লাহ বিমানবন্দরে হামলায় আরও তিনজন আহত হয়েছেন।
সূত্র: আল-আরাবিয়া।
