যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের গোয়ালদাহ গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে আমগাছ কেটে ফেলা, জমির বেড়ার নেটে আগুন দেওয়া এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে । শনিবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ভুট্টো গাজী (৪৭)। এ ঘটনায় একই গ্রামের সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে অভিযুক্ত করে কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। ঘটনার পর থেকে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও দাবি করেছেন ভুট্টো গাজী। লিখিত অভিযোগে অভিযুক্ত হিসেবে একই গ্রামের সোজা উদ্দিন, আয়ুব হোসেন, আলিম হোসেন, লালু, হালিম, হায়দার ও কামালের নাম উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গোয়ালদাহ মৌজার ১০১ নম্বর খতিয়ানের আরএস ৮৪ নম্বর দাগের মোট ৩১ দশমিক ৫ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে ভুট্টো গাজীর বিরোধ চলছিল। তাঁর দাবি, জমিটি বিবাদীরা জোরপূর্বক দখলে রেখেছিলেন। এ নিয়ে আদালতে মামলা হলে রায় তাঁদের পক্ষে আসে। তবে আদালতের রায়ের পরও বিবাদীরা জমিটি নিজেদের দখলে রাখার চেষ্টা চালিয়ে আসছিলেন বলে অভিযোগ করেন তিনি।
ভুট্টো গাজীর অভিযোগ, শনিবার বিকেল ৪টার দিকে অভিযুক্ত ব্যক্তিরা দলবদ্ধভাবে বিরোধপূর্ণ জমিতে প্রবেশ করে সেখানে লাগানো আমগাছ কেটে ফেলেন এবং জমির সীমানায় দেওয়া বেড়ার নেটে আগুন ধরিয়ে দেন। এ সময় বসতঘরেও আগুন দেওয়ার হুমকি দেওয়া হয় ।
খবর পেয়ে ভুট্টো গাজী ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় তার সন্তান ও ভাইপোদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একপর্যায়ে দা, শাবল ও চাইনিজ কুড়াল নিয়ে তাঁদের ধাওয়া করেন অভিযুক্তরা।
ভুট্টো গাজীর দাবি, অভিযুক্তরা তাদের প্রাণনাশের হুমকিও দিয়েছেন। এ ঘটনার পর থেকে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তবে অভিযোগে নাম উল্লেখ করা ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
