আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার ভোরে জার্মানির বোখুম শহরের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে তিনজন ভারতীয় নাগরিক নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ ও ২৭ বছর বয়সী দু'জন মহিলা এবং ২৬ বছর বয়সী একজন পুরুষ রয়েছেন।
পুলিশ হত্যার সন্দেহে ওই ভবনের বাসিন্দা ৪১ বছর বয়সী এক রোমানিয়ান নাগরিককে গ্রেপ্তার করেছে। তদন্তকারীরা যান্ত্রিক ত্রুটির বিষয়টি নাকচ করে দিয়ে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়ছে বলে মনে করচেন। তবে আগুন ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছিল নাকি দুর্ঘটনাবশত লেগেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
নিহত তিনজনের নাম বা ভারতে তাঁরা কোন রাজ্যের বাসিন্দা তা জানানো হয়নি।আহত পাঁচজন কোন দেশের বা অন্যান্য বিস্তারিত তথ্যও রিপোর্টে উল্লেখ করা হয়নি।
বোখুম পুলিশের তথ্যের ভিত্তিতে জার্মান সংবাদমাধ্যম ডব্লিউডিআর নিহতদের বিষয়ে বিস্তারিত জানিয়েছে। এছাড়া জার্মান সংবাদমাধ্যম এন-টিভি, জার্মান বার্তা সংস্থা ডয়েচে প্রেস-এজেন্টুর-কে উদ্ধৃত করে জানিয়েছে যে,ধৃত ব্যক্তি একজন রোমানিয়ান নাগরিক। বোখুম পুলিশের একজন মুখপাত্র ডব্লিউডিআর-কে জানিয়েছেন যে, ওই ব্যক্তির বিরুদ্ধে খুনের প্রাথমিক প্রমাণ পাওয়া গিয়েছে। হোমিসাইড স্কোয়াড তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন। পুলিশ ও সরকারি কৌঁসুলিরা বুধবার তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বোখুমের হফস্টেডে এলাকায় অবস্থিত বহু-পরিবার বসবাসযোগ্য একটি আবাসিক ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৪টা ১৫ মিনিটের দিকে ইমাজেন্সি সার্ভিসকে বিষয়টি জানানো হয়।
দমকলকর্মীরা বাড়ির দোতলার একটি ফ্ল্যাটে ওই তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। আহত পাঁচজন ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন এবং তাঁদের বোখুমের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
ডব্লিউডিআর-এর প্রতিবেদন অনুযায়ী, উদ্ধারকাজটি অত্যন্ত কঠিন ছিল কারণ আগুনের শিখা সিঁড়ি দিয়ে ওপরের দিকে ছড়িয়ে পড়েছিল, যার ফলে দমকলকর্মীরা সিঁড়ি ব্যবহার করে ওপরের তলার বাসিন্দাদের কাছে পৌঁছাতে পারছিলেন না।
এন-টিভি-তে প্রকাশিত ডিপিএ-এর প্রতিবেদন অনুযায়ী, দমকলকর্মীরা টার্নটেবল মই ব্যবহার করে দু'জনকে, বহনযোগ্য মই ব্যবহার করে দু'জনকে এবং একটি সেফটি কুশন বা সুরক্ষা গদি ব্যবহার করে একজনকে উদ্ধার করেন।
তদন্তকারীরা কীভাবে এই সন্দেহভাজন অগ্নিসংযোগের ঘটনাটি ঘটল তা নির্ণয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি তিন ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনায় ওই ভবনের ৪১ বছর বয়সী বাসিন্দাকে হত্যার সন্দেহে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
