শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে যশোরের সীমান্তবর্তী এলাকা ও শহরের পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার ২২২টি মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তায় ২ হাজার বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে বিশেষায়িত ডগ স্কোয়াড, সাঁজোয়া যান ও স্ট্রাইকিং ফোর্স।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেনাপোলে পূজামণ্ডপ পরিদর্শন এবং পূজা উদ্যাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান ৪৯ বিজিবি ব্যাটালিয়ন যশোরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।
তিনি জানান, যশোর সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ২৯টি এবং যশোর শহরে ২০টি পূজামণ্ডপে এ বছর দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এসব মণ্ডপ ও মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার থেকে বিজিবি সদস্যদের মাঠে নামানো হয়েছে।
বিজিবি অধিনায়ক বলেন, মোতায়েন করা সদস্যরা ৫২টি অস্থায়ী বেইস ক্যাম্প থেকে মোবাইল টহল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া সাঁজোয়া যানবাহী এপিসি প্লাটুন ও বিশেষায়িত ডগ স্কোয়াড নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় দিন-রাত টহল, গোয়েন্দা নজরদারি ও মোবাইল পেট্রোল জোরদার করা হয়েছে। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম রিজিয়ন সদর দপ্তরে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। সীমান্তবর্তী বর্ডার আউট পোস্টগুলোতেও (বিওপি) জনবল বাড়ানো হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, পূজা নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসার সদস্যদের সহায়তা দেবে বিজিবি। পাশাপাশি সীমান্তবর্তী এলাকাসহ পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা পরিস্থিতির ওপর নজরদারি অব্যাহত থাকবে।
এমএম/
