নানা কর্মসূচি, শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গাইবান্ধায় জাতীয় দৈনিক ‘কালবেলা’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে গাইবান্ধা প্রেস ক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে প্রেস ক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেস ক্লাবে এসে শেষ হয়।
পরবর্তীতে প্রেস ক্লাব সভাপতি অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রেদুয়ানুল হালিম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন দৈনিক কালবেলার গাইবান্ধা জেলা প্রতিনিধি মো. সুমন মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল নবী টিটুল, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সহসভাপতি রেজাউন্নবী রাজু, অধ্যাপক শফিকুল ইসলাম, সাংবাদিক ও সমাজকর্মী গোলাম রব্বানী মূসা এবং সময় টেলিভিশনের সাংবাদিক এসএম বিপ্লব ইসলাম।
অনুষ্ঠানে অন্যেদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন- প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহাবুল তোতা, সদস্য ফিরোজ কবীর মিলন, মুকুল মাসুদ, এসএ টিভির কায়সার প্লাবন, লালচান বিশ্বাস সুমন, জোবাইদুর রহমান জুয়েল, সমাজকর্মী ময়নুল ইসলাম, সাংবাদিক শরিফুল আজম বাবু, কালবেলার সাঘাটা প্রতিনিধি আনোয়ার হোসেন রানা, সাদুল্লাপুর প্রতিনিধি তোফায়েল হোসেন জাকির, সুন্দরগঞ্জ প্রতিনিধি এম এ মাসুদ, গোবিন্দগঞ্জ প্রতিনিধি শাহীন আলম এবং ফুলছড়ি প্রতিনিধি জহুরুল হকসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
আলোচনা সভায় বক্তারা কালবেলার বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করে বলেন, ‘অল্প সময়ের মধ্যেই কালবেলা পাঠকের হৃদয়ে একটি বড় স্থান করে নিয়েছে। আগামীতে পত্রিকাটি তৃণমূলের সাধারণ মানুষের অধিকারের কথা তুলে ধরে দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে।’
