নির্বাচনের আগে তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতি ও পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি আরও বলেন, আমাদের অবস্থা হচ্ছে—বিদেশে আওয়ামী লীগ, দেশে বিএনপি। এই দুই শক্তির কারণে দেশের মানুষ তার অধিকার ফেরত পাচ্ছে না। বাংলাদেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই সম্ভাবনা নষ্ট হয়েছে।
তিনি বলেন, গ্যাস-বিদ্যুতের অভাবে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে তেমনি সিলিন্ডার গ্যাসের দাম বাড়িয়ে সিন্ডিকেট করা হচ্ছে।
এমন পরিস্থিতিতে বর্তমান প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি প্রশ্ন করেন, আপনি বলেছিলেন, আপনাদের প্ল্যান ছিল। আজকে কোথায় গেল আপনার সেই প্ল্যান?
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শরীয়তপুর পৌরসভার অডিটোরিয়াম নাগরিক সভায় তিনি এ কথা বলেন।
নাহিদ বলেন, আপনি যেই পরিকল্পনা নিয়ে এসেছিলেন, গত সাত-আট মাসে দেখে ফেলেছি যে প্রধানমন্ত্রীর কাছে দেশ পরিচালনার কোনো ধরনের পরিকল্পনা নেই। দেশের অবস্থা দিন থেকে দিন আরও খারাপ হচ্ছে।
তিনি আরও বলেন, মানুষ ভেবেছিল দেশের অর্থনীতির লাগাম টেনে ধরতে পারবো। দেশে যারা অর্থ পাচার করে, তাদেরকে বিচারের আওতায় আনতে পারবো। কিন্তু দেখতে পেলাম এক অর্থ পাচারকারীর জায়গায় নতুন অর্থ পাচারকারী এসেছে। আগের জনের থেকে তারা ভাগ নিয়ে নিজেদের পকেট ভরছে।
নাহিদ বলেন, নির্বাচনের পরে বর্তমান বিএনপি সরকার পুনরায় বৈষম্য শুরু করেছে; দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস, সিন্ডিকেট—সবকিছুই আওয়ামী লীগের মতো করে একইভাবে দেশ পরিচালনা করছে।
আওয়ামী লীগের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, দেশের মানুষ গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান ও পরাজিত করেছে। বর্তমানে দলটির নেতাকর্মীরা বিদেশে বসে বিভিন্নভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়েছিল। সমঝোতার মাধ্যমে নির্বাচনে জয়লাভের পর দলটি সারা দেশে মামলা-বাণিজ্য করেছে। মামলার ভয় দেখিয়ে ভোট কেনা হয়েছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি আওয়ামী লীগের সন্ত্রাসী ও চাঁদাবাজদের নিজেদের কাজে ব্যবহার করার অভিযোগও তোলেন নাহিদ।
নাহিদ আরও বলেন, ফলে আমরা দেখতেছি যে চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে যাচ্ছে।
বিএনপির আন্দোলন ও ক্ষমতায় আসা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বিএনপি যদি এককভাবে আওয়ামী লীগকে পরাজিত করে ক্ষমতায় আসতে পারতো, তাহলে গত ১৬ বছরেই তা সম্ভব হতো। কিন্তু এই সময়ে দলটি রাজপথে শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।
নাহিদ আরও বলেন, ছাত্র-জনতা রাজপথে না নামলে এবং সাধারণ মানুষ জীবন না দিলে বিএনপি কখনোই বাংলাদেশের ক্ষমতায় আসতে পারতো না। এমনকি তারেক রহমানেরও লন্ডন থেকে বাংলাদেশে ফেরা সম্ভব হতো না বলে মন্তব্য করেন তিনি।
