সম্প্রতি বিএনপির কার্যালয় ভাঙচুর করা হয়েছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওগুলোর ক্যাপশনে দাবি করা হচ্ছে, ‘বিএনপির প্রতিটি অপকর্মের দাঁতভাঙা জবাব দেবে বাংলাদেশের জনগণ।’ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব পোস্টের কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, অধিকাংশ ব্যবহারকারী ভিডিওটিকে সাম্প্রতিক সময়ের ঘটনা মনে করে কমেন্ট করেছেন।
আলোচিত দাবিতে কয়েকটি পোস্ট রয়েছে এখানে, এখানে, এখানেএবং এখানে।
আজকের পত্রিকার অনুসন্ধান
প্রচারিত ভিডিওটিতে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল’ লেখা একটি ভবনের সামনে বেশ কয়েকজনকে ভাঙচুর চালাতে দেখা যায়। ভিডিওতে ‘বিএনপির আস্তানা এই বাংলায় হবে না’ লেখা দেখতে পাওয়ার পাশাপাশি ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়।
প্রচারিত দাবির বিষয়ে কি-ফ্রেম নিয়ে অনুসন্ধানে সম্প্রতি এমন কোনো ঘটনার খবরের সত্যতা পাওয়া যায়নি। তবে ‘পটিয়া পৌরসভা যুবদল’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ২০২৪ সালের ১৮ জুলাই প্রকাশিত একটি পোস্ট পাওয়া যায়। ‘আমাদের তীর্থস্থান পটিয়া বিএনপির কার্যালয়ে, পটিয়া আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীদের নেতৃত্বে ভাঙচুর ও লুটপাট করেছে’ ক্যাপশনে শেয়ার করা ওই পোস্টের ভিডিও ও ছবির সঙ্গে অনলাইনে সাম্প্রতিক দাবিতে ছড়ানো ভিডিওটির হুবহু মিল রয়েছে।

অনুসন্ধানে স্থানীয় সংবাদমাধ্যম ‘দৈনিক পূর্বকোণ’-এর একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের ১৮ জুলাই সকাল ১১টার দিকে চট্টগ্রামের পটিয়া সরকারি কলেজ থেকে কোটাবিরোধী একটি বিক্ষোভ মিছিল বের হয়। কোটাবিরোধী শতাধিক ছাত্র কলেজ থেকে মিছিল সহকারে স্লোগান দিয়ে বের হয়। এ সময় তারা শান্তিপূর্ণ মিছিল শেষে পুনরায় কলেজ ক্যাম্পাসে গিয়ে মিছিলটি শেষ করে। এর কিছুক্ষণ পর স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী এসে বিএনপি কার্যালয় ভাঙচুর করে।

সিদ্ধান্ত
বিক্ষুব্ধ মানুষ বিএনপির কার্যালয় ভাঙচুর করেছে দাবিতে ছড়ানো ভিডিওটি বিভ্রান্তিকর। ২০২৪ সালের জুলাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা চট্টগ্রামের পটিয়ায় বিএনপির কার্যালয় ভাঙচুর করে, ছড়িয়ে পড়া ভিডিওটি সেই ঘটনার।
সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা
