পুরুষদের ফুটবলে বৈশ্বিক আসর আয়োজনের সফল অভিজ্ঞতার পর এবার ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৮ ফিফা নারী ক্লাব বিশ্বকাপের স্বত্ব পেয়েছে যুক্তরাষ্ট্র। ফুটবলের আন্তর্জাতিক সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছে।
ফিফার দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৮ সালের ৫ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত বিশ্বের সেরা ১৯টি নারী ক্লাব দল নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তবে কোন কোন ভেন্যু ও শহরে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। উদ্বোধনী আসরের পর থেকে প্রতি চার বছর অন্তর নিয়মিতভাবে এই টুর্নামেন্ট মাঠে গড়াবে।
ইতিমধ্যেই উদ্বোধনী এই টুর্নামেন্টে সাতটি দল তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। দলগুলো হলো ইংল্যান্ডের আর্সেনাল, স্পেনের বার্সেলোনা, মেক্সিকোর আমেরিকা, যুক্তরাষ্ট্রের গোথাম এফসি, ব্রাজিলের করিন্থিয়ান্স, চীনের উহান জিয়াংদা এবং উত্তর কোরিয়ার নেগোহ্যাং এফসি।
এর আগে ফিফার সম্প্রসারিত ফরম্যাটে পুরুষদের ক্লাব বিশ্বকাপও এককভাবে আয়োজন করেছিল যুক্তরাষ্ট্র, যেখানে পিএসজিকে হারিয়ে চেলসি শিরোপা জিতেছিল। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, যৌথভাবে ২০২৬ ফিফা বিশ্বকাপ এবং পুরুষদের ক্লাব বিশ্বকাপ সফলভাবে সম্পন্নের অভিজ্ঞতার আলোকেই পুনরায় যুক্তরাষ্ট্রকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে ফিফার নারী ফুটবল বিষয়ক প্রধান সারাই বারেম্যান বলেছেন, ‘ফিফার শীর্ষস্থানীয় টুর্নামেন্টগুলো আয়োজনে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক চমৎকার সক্ষমতা, সেখানে নারী ফুটবলের প্রতি ব্যাপক আগ্রহ এবং উন্নত ক্রীড়া অবকাঠামো– সব মিলিয়ে দেশটিকে সবচেয়ে উপযুক্ত বিকল্প হিসেবে গড়ে তুলেছে।’
