ঢাকার মগবাজারে নিজস্ব কার্যালয়ের সামনে পার্ক করে রাখা সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) ভোরে ঘটে যাওয়া এ ঘটনায় কেউ হতাহত না হলেও গাড়ির ক্ষতি হয়েছে। কে বা কারা এ হামলা চালিয়েছে, তা নিয়ে অন্ধকারে রয়েছেন আসিফ ও তার পরিবার। শিল্পীর স্ত্রী সালমা আসিফ মিতু জানিয়েছেন, তাদের সন্দেহ করার মতো নির্দিষ্ট কোনো ব্যক্তি নেই।
শনিবার সকালে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ঘটনার বিবরণ দেন সালমা আসিফ মিতু। তিনি জানান, ঘটনার সময় গাড়িতে ছিলেন না আসিফ। তবে সিসিটিভি ফুটেজে ঘটনার কিছু দৃশ্য দেখেছেন এবং গুলির শব্দও শুনেছেন। এরপর নিচে থাকা নিরাপত্তাকর্মীর ডাকাডাকিতে ঘটনাস্থলে যান তারা। এর মধ্যে হামলাকারী পালিয়ে যায়।
ঘটনাটি নিয়ে আসিফ আকবরের কোনো সন্দেহ রয়েছে কি না, জানতে চাইলে তার স্ত্রী বলেন, ‘আমাদের কাছে সন্দেহজনক কেউ নেই। আমরা এই জীবনে আজ পর্যন্ত কাউকে কখনো সন্দেহ করতে পারিনি। সন্দেহ করার মতো কোনো ঘটনা তো আসিফের সঙ্গে কখনো ঘটেওনি।’
আসিফের জীবনযাপন ও সবার সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, ‘আসিফ বরাবরই সবার সঙ্গে মিলেমিশে চলেছে। সব সময় ন্যায্য কথা বলেছে। তবে এই ঘটনা অবিশ্বাস্য। বুঝতে পারছি না, কিসের থেকে কী হয়েছে। জানি না, কী হবে। আসিফ এখন ঘুমাচ্ছে। সুস্থ আছে।’
এদিকে ঘটনার খবর পেয়ে তদন্তে নামে পুলিশ। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, মগবাজারের বিশাল সেন্টারে আসিফ আকবরের একটি ব্যক্তিগত কার্যালয় রয়েছে। ওই ভবনের সামনে পার্ক করা তার গাড়ি লক্ষ্য করেই ভোরে গুলি ছোড়া হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদন অনুযায়ী, বিশাল সেন্টারের নিচতলার পার্কিং এলাকায় রাখা ছিল গাড়িটি। শনিবার ভোর পৌনে ৫টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় করে সেখানে আসে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। এরপর গাড়ি লক্ষ্য করে একটি গুলি ছুড়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় সে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাতিরঝিল থানা পুলিশ।
পুলিশের তথ্যমতে, গুলির ঘটনার সময় ভবনটির তৃতীয় তলায় নিজের কার্যালয়ে ছিলেন আসিফ আকবর। পরে গাড়িটির পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করা হয়। তবে কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
