সংবাদসংস্থা মুম্বই: পড়াশোনার জন্য মাঝে বেশ কয়েক বছর অভিনয় থেকে দূরে সরে ছিলেন বলিউড অভিনেত্রী অমৃতা পুরী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, পড়াশোনা ও মাস্টার্স ডিগ্রি অর্জনের জন্য অভিনয়জগৎ থেকে বিরতি নেওয়ার কোনও সিদ্ধান্তেই তাঁর কোনও আফসোস নেই। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানান যে, তাঁর বাবা-মা প্রথম থেকেই অভিনয়ে আসার ঘোর বিরোধী ছিলেন।
২০১০ সালে সোনম কাপুরের সঙ্গে ‘আয়েশা’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় অমৃতার। এরপর ‘কাই পো চে’, ‘ব্লাড মানি’-র মতো জনপ্রিয় ছবি এবং একাধিক ওয়েব সিরিজে অভিনয় করলেও পড়াশোনাকে অগ্রাধিকার দিতে তিনি অভিনয় থেকে দু’বছরের বিরতি নেন। এই সময়ে তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান এবং মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন।
https://www.youtube.com/watch?v=ixVZIaFsQVc&t=2s
সাক্ষাৎকারে তিনি বলেন, সেই সময় তাঁর বলিউডে অনুপস্থিতি দেখে অনেকে প্রশ্ন তুলেছিলেন যে তিনি আর অভিনয় করবেন কি না। তবে তিনি নিজের সিদ্ধান্তের উপর ভরসা রেখেছিলেন। অমৃতা আরও জানান, তাঁর পরিবার এই অনিশ্চিত পেশায় তাঁর আসাটা একেবারেই মেনে নিতে চায়নি। তা সত্ত্বেও তিনি নিজ দায়িত্বে ঝুঁকি নিয়ে অভিনয়ে আসেন এবং পরবর্তী সময়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। অমৃতা জানান যদি চলচ্চিত্র জগৎ তাঁকে ভুলে যায়, তবে তিনি আবার ফিরে এসে নতুন করে নিজের জায়গা তৈরি করে নেবেন।
