এবারের শারদীয় দূর্গাপূজা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। শারদীয় দুর্গাপূজাকে ঘিরে অনেকেই গুজব ছড়াতে পারে আর এর মাধ্যমে বান্দরবানের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে, তাই গুজবে কেউ কান দিবেন না। পূজাকে ঘিরে দেশে নাশকতার কোন আশংকা নেই মন্তব্য করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি আরো বলেন, পূজাকে ঘিরে সবাইকে সজাগ থাকতে হবে যাতে কেউ কোন অনাকাঙ্খিত ঘটনার সৃষ্টি করতে না পারে।
আজ শুক্রবার (১৬ অক্টোবর) সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপগুলোতে আর্থিক অনুদানের চেক বিতরণের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রæ জেরী এমপি এমন মন্তব্য করেন।
অনুষ্ঠানে বান্দরবানের ৩৩টি পূজা মন্ডপের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দদের হাতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২৫ লক্ষ টাকার চেক তুলে দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি।
জেলা প্রশাসক নাজনীন সুলতানা এর সভাপতিত্বে এসময় পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার, পৌরসভার প্রশাসক এস, এম মনজুরুল হক, বান্দরবান কেন্দ্রীয় দুর্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব দাশ রাজেশ্বর, কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক রিটল কান্তি বিশ্বাসসহ পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন সদস্য এবং বিভিন্ন দফতরের উর্ধতন কর্মকর্তা ও পূজামন্ডপের দায়িত্বপ্রাপ্ত সনাতনী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
