বিজেপির ডাকে সাড়া দেননি। কিন্তু এবার আরএসএসের পথে হাঁটছেন থলপতি বিজয়! এমনটাই দাবি করল তামিলনাড়ুর প্রাক্তন শাসক দল ডিএমকে। তাদের দাবি, আরএসএসের মতোই অঙ্গভঙ্গি করছেন মুখ্যমন্ত্রী বিজয়। শুধু তাই নয়, বিজয়কে আরএসএসের দত্তকপুত্র বলে কটাক্ষ করতেও ছাড়েনি ডিএমকে। যদিও মাসছয়েক আগে তামিলনাড়ুর তৎকালীন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন নিজেও একই অঙ্গভঙ্গি করেছিলেন। তা সত্ত্বেও এবার বিজয়ের অঙ্গভঙ্গি নিয়ে প্রশ্ন তুলল ডিএমকে।
বিধানসভায় আলোচনার সময়ে স্পিকারের অনুমতি নিয়েই বিজয় ওই বিশেষ ভঙ্গি করেন। তার আগে ডিএমকে ওয়াকআউট করেছিল অধিবেশন থেকে। সেটাকে কটাক্ষ করেই বিশেষ ভঙ্গিমা করেন বিজয়। সেখান থেকে বিতর্কের সূত্রপাত। ডিএমকের আইটি সেলের তরফ থেকে পোস্ট করা হয় প্রতীকী ছবি। সেখানে দেখা যাচ্ছে, আরএসএস এবং বিজয়ের মতো দু’টি আকৃতি, একই ভঙ্গিমায়। পোস্টে ডিএমকের খোঁচা, ‘বিজয় আসলে আরএসএসের দত্তকপুত্র, সেটা বোঝাই যাচ্ছে।’
ஆர்.எஸ்.எஸ் பெற்றெடுத்த பிள்ளை விஜய் என அவர் சரியாத்தான் சொல்லி இருக்கிறார்! https://t.co/RdVolQqQuC
— DMK IT WING (@DMKITwing) October 14, 2026
বিজয়ের কী ভঙ্গিমা নিয়ে এত বিতর্ক? আমজনতার কাছে এই ভঙ্গিটা পুষ্পা সেলিব্রেশন হিসাবেই অত্যন্ত পরিচিত। তারকাদের অনেকেই এই ভঙ্গিমা করেছেন অতীতে। কিন্তু সেই ভঙ্গিমা যে আরএসএসের ধ্বজ প্রণামের মতোই দেখতে, সেই নিয়ে আলোচনা হয়নি কখনই। আরএসএসের স্থানীয় সমাবেশগুলির শুরু এবং শেষে এই স্যালুট করা হয়। চলতি বছর স্ট্যালিন নিজেও এই পুষ্পা ভঙ্গি করেছিলেন। কিন্তু এবার সেই স্ট্যালিনের দলই দাবি করছে, বিজয় আরএসএসের ভঙ্গিমা করছেন। তাঁর দল টিভিকে আসলে আরএসএসের বি টিম।
স্ট্যালিনের এহেন সমালোচনার মধ্যে বিজয় আরও বেশি করে এই সেলিব্রেশন করছেন। তাঁর সমর্থকদের মধ্যেও ছড়িয়ে পড়ছে এই অঙ্গভঙ্গি। সেসব ভিডিও ভাইরালও হচ্ছে। কিন্তু ডিএমকের এহেন আক্রমণ নিয়ে টিভিকে নেতৃত্ব একবারও মুখ খোলেনি। বরং বিজয়ের সমর্থকদের নানা ভিডিও পোস্ট করেছেন তামিলনাড়ুর নেতা-মন্ত্রীরা।
