শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেলার ১১টি উপজেলায় অবস্থিত ৪৭১টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন পর্যায়ে পুলিশ সদস্য মোতায়েনসহ একাধিক বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পূজামণ্ডপগুলোর গুরুত্ব ও নিরাপত্তাঝুঁকি বিবেচনায় প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।
মণ্ডপ এবং আশপাশের এলাকায় নজরদারি বাড়াতে নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি গঠন করা হয়েছে ৯০টি মণ্ডপভিত্তিক মোবাইল টিম। এসব টিম নিয়মিত পূজামণ্ডপ পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যেসব পূজামণ্ডপে দর্শনার্থীদের ভিড় বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেসব এলাকায় যানবাহন ও মানুষের চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকে উল্লেখযোগ্যসংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। তারা সম্ভাব্য নাশকতা, অপতৎপরতা ও সন্দেহজনক কার্যক্রমের বিষয়ে তথ্য সংগ্রহ এবং গোয়েন্দা নজরদারি চালাচ্ছেন। জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিটি থানায় কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে।
পাশাপাশি পুলিশ লাইনসসহ গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে, যাতে প্রয়োজন অনুযায়ী দ্রুত ঘটনাস্থলে পাঠানো যায়।
সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত সব পুলিশ সদস্যকে পেশাদারত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সব ধর্মাবলম্বীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।
জেলা পুলিশের এসব উদ্যোগের মাধ্যমে দুর্গাপূজার দিনগুলোতে পূজামণ্ডপের নিরাপত্তা বজায় রাখা, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বিআলো/আমিনা