কালবেলা · খেলাধুলা
চ্যাম্পিয়ন্স লিগে ইতালিয়ান ট্র্যাজেডি, ৮ ম্যাচে মাত্র এক জয়
১৫/১০/২০২৬

চ্যাম্পিয়ন্স লিগের লিগের চলতি মৌসুমে পর্বের প্রথম দুই রাউন্ড শেষেই করুণ দশা ফুটে উঠেছে ইতালিয়ান ক্লাবগুলোর। টুর্নামেন্টে অংশ নেওয়া সিরি আ’র চার দল এমনভাবে ধসে পড়েছে যে, ইউরোপীয় মঞ্চে প্রতিযোগিতামূলক ফুটবল খেলার সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠে গেছে।
প্রতিটি ম্যাচের গল্প ভিন্ন হতে পারে এবং এই টুর্নামেন্টে ছোটখাটো ভুলই বড় ব্যবধান গড়ে দেয়। কিন্তু পয়েন্ট তালিকা স্পষ্ট সাক্ষ্য দিচ্ছে- ইউরোপে চরম বিপাকে ইতালিয়ান ফুটবল।
শেষ মুহূর্তে নাটকীয়ভাবে হেরে রিয়ালের কাছে রোমার আত্মসমর্পণের মধ্য দিয়ে শেষ হলো দ্বিতীয় রাউন্ড। আর এর মাধ্যমেই ইউরোপীয় ফুটবলের ইতিহাসে অন্যতম কালো এক অধ্যায় লিখল ইতালি।
গত দুদিনে খেলা চার ম্যাচের সবকটিতেই হেরেছে ইতালিয়ান দলগুলো। ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের কাছে ৪-৩ গোলে হেরেছে রোমা এবং ফেইনুর্দের কাছে ৩-২ ব্যবধানে হেরেছে কোমো। আর গতকাল ভিয়ারিয়ালের কাছে ৩-১ গোলে নাপোলি এবং ক্লাব ব্রুগার কাছে ৪-৩ ব্যবধানে হেরেছে ইন্টার মিলান।
প্রথম রাউন্ডের হিসাব যোগ করলে এই পরিসংখ্যান দাঁড়ায় আরও ভয়াবহ। একমাত্র জয়টি এসেছে কোমোর হাত ধরে। ইতিহাসে নিজেদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে লাইপজিগকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল তারা। অন্যদিকে ফেনারবাচে সঙ্গে ড্র করেছিল রোমা। আর হোসে মরিনহোর রিয়াল মাদ্রিদের কাছে হেরেছিল ইন্টার মিলান এবং আর্সেনালের কাছে হেরেছিল নাপোলি।
সিরি আ’র ফুটবলের গতি ও খেলার সময় ইউরোপীয় মানদণ্ডে উন্নীত হয়েছে বলা হচ্ছে। তবে মাঠের আসল চিত্রে দেখা যাচ্ছে- ম্যাচের শেষ দিকে গিয়ে হাঁপিয়ে উঠছে ইতালিয়ান ক্লাবগুলো। রোমার পতন, ব্রুগার বিপক্ষে ইন্টারের নড়বড়ে অবস্থান এবং নাপোলির দুই ম্যাচের শেষভাগের ক্লান্তি সেই নির্মম সত্যকেই আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।
মূল প্রতিবেদনে যান ↗