আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে যাত্রীদের বাড়তি চাপ সামাল দেওয়া এবং নির্বিঘ্নে পারাপার নিশ্চিত করতে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাট পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। এ সময় ঘাটের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনকালে কিছু অনিয়ম তার নজরে আসে। এসব অনিয়মের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে দৌলতদিয়া লঞ্চঘাট, ৪ ও ৫ নম্বর ফেরিঘাটসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরির সংশ্লিষ্ট কর্মীদের হাজিরা খাতা যাচাইসহ ঘাটের সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন তিনি।
পরিদর্শনকালে হাজিরা খাতা যাচাই ও অন্যান্য কার্যক্রমে কিছু অনিয়ম তার নজরে আসে। আসন্ন দুর্গাপূজায় যাত্রীদের চাপ বাড়ার সম্ভাবনা থাকায় ঘাটের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।
পরিদর্শন শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ফেরিঘাটে যাত্রীদের নির্বিঘ্নে পারাপার নিশ্চিত করতে অত্যাধুনিক চারটি সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। পূজার সময় স্বাভাবিক সময়ের তুলনায় যাত্রীদের চাপ অনেকটাই বাড়বে। এ কারণে ঘাটগুলোর সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করা হয়েছে।
তিনি আরও বলেন, যাত্রীরা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে পারাপার হতে পারেন এবং কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। পরিদর্শনে যেসব অনিয়ম পাওয়া গেছে, সেগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম, বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) মো. আশিকুজ্জামান, বিআইডব্লিউটিসির জিএম (মেরিন) বাপ্পি কুমার অধিকারী, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদা, বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক সালাউদ্দিন আহমেদ, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম, দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মীর সামসুজ্জামান সৌরভ/এসএইচএ
