পুজো মানেই টানা হুল্লোড়! রাতের পর রাত জেগে এক প্যান্ডেল থেকে অন্য প্যান্ডেলে ঘুরে বেড়ানো। আনন্দ তো রয়েছেই, বাড়ি ফিরে একটানা ঘুমনোর সুযোগও হয়তো জুটে গেল। কিন্তু তারপরেও ক্লান্তির রেশ কাটে না। ডার্ক সার্কেল তো বটেই, ত্বকে সামগ্রিকভাবেও অবসন্নতার ছাপ দেখা যায়। অথচ পুজোর শেষ মানেই তো আবার কাজে ফেরা। বিশ্রাম নেওয়ার অবকাশ আর পাওয়া যাবে না (Refresh Tired Eyes)।
কী করা যায় তবে? রইল চোখমুখের ক্লান্তি কাটানোর কয়েকটি সহজ ঘরোয়া টোটকা।
১। চোখে দিন ঠান্ডা সেঁক
রাতভর ঘোরাঘুরির পর সকালে চোখ ফুলে থাকলে ঠান্ডা সেঁক দিতে পারেন। পরিষ্কার নরম কাপড় ঠান্ডা জলে ভিজিয়ে নিংড়ে বন্ধ চোখের উপর পাঁচ-দশ মিনিট রাখুন। চাইলে পরিষ্কার, ঠান্ডা জলে ধোয়া শসার টুকরোও ব্যবহার করতে পারেন। তবে চোখের উপর সরাসরি বরফ দেবেন না।
২। ঘুমের সঙ্গে আপস নয়
সারা রাত পুজো দেখে বাড়ি ফিরলে পরদিন যতটা সম্ভব পর্যাপ্ত বিশ্রাম নিন। প্রাপ্তবয়স্কদের সাধারণত প্রতি রাতে সাত থেকে নয় ঘণ্টা ঘুমের প্রয়োজন। ঘুমের একটি নিয়মিত রুটিন বজায় রাখা অত্যন্ত জরুরি।
৩। চোখের চারপাশে ময়েশ্চারাইজার লাগান
চোখের চারপাশের ত্বক তুলনামূলক পাতলা ও সংবেদনশীল। মুখ পরিষ্কার করার পর মাইল্ড ময়েশ্চারাইজার ব্যবহার করুন। সুগন্ধিবিহীন আইক্রিমও ব্যবহার করতে পারেন। তবে নতুন কোনও প্রসাধনী ব্যবহার করলে জ্বালা বা অস্বস্তি হচ্ছে কি না, খেয়াল রাখুন। চোখের খুব কাছে ক্রিম লাগাবেন না।
৪। জল খান, খাবারেও রাখুন নজর
পুজোর রাতে ঘুরতে গিয়ে অনেকেই পর্যাপ্ত জল খেতে ভুলে যান। শরীরে জলের ঘাটতি হলে ক্লান্তি আরও বেশি অনুভূত হতে পারে। তাই সারা দিন নিয়মিত জল পান করুন। পাশাপাশি ফল, শাকসবজি ও পুষ্টিকর খাবার রাখুন খাদ্যতালিকায়। অতিরিক্ত নুনযুক্ত খাবার না খাওয়াই ভালো।
৫। চোখকে বিশ্রাম দিন
রাতভর মণ্ডপে ঘোরার পর বাড়ি ফিরে আবার দীর্ঘক্ষণ মোবাইল বা ল্যাপটপে কাজ করলে চোখের ক্লান্তি বাড়ে। চোখ শুকনো লাগলে সচেতনভাবে বারবার পলক ফেলুন। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে উপযুক্ত লুব্রিকেটিং আই ড্রপ ব্যবহার করা যায়। চোখে অস্বস্তি থাকলে কনট্যাক্ট লেন্স খুলে রাখুন।

৬। চোখের মেকআপ ভাল করে তুলুন
পুজোর সাজে কাজল, আইলাইনার, মাসকারা কিংবা গ্লিটার ব্যবহার করে থাকলে রাতে বাড়ি ফিরে সেগুলি ভাল করে তুলে ফেলুন। মাইল্ড মেকআপ রিমুভার ব্যবহার করুন। চোখের ভিতরে প্রসাধনী ঢুকে গেলে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন।
তবে চোখে তীব্র ব্যথা, দৃষ্টিশক্তির পরিবর্তন, অতিরিক্ত লাল হয়ে যাওয়া, আলো সহ্য করতে অসুবিধা হওয়া কিংবা চোখ ফুলে যাওয়ার মতো উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন।
