ভারতের টেলিভিশন জগতের পরিচিত মুখ আকাঙ্ক্ষা চৌধুরী পুনেতে নবরাত্রির একটি অনুষ্ঠানে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার অভিযোগ করেছেন। ‘স্প্লিটসভিলা এক্স৬’ খ্যাত এই তারকার দাবি, সময়মতো গাড়ির ব্যবস্থা করেননি আয়োজকেরা। পরে তাঁকে জোর করে গাড়িতে তুলে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হয়। নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও তা গুরুত্ব দিয়ে শোনা হয়নি বলে অভিযোগ তাঁর।
আকাঙ্ক্ষার ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানটির ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন তিনজন। তাঁদের প্রত্যেকের বয়স ১৮ বছর বলে দাবি করেছেন তিনি। তাঁর অভিযোগ, রাত সাড়ে ১০টা পর্যন্ত তাঁকে নিতে কেউ আসেননি। অথচ ওই সময়েই অনুষ্ঠান শেষ হওয়ার কথা ছিল। বারবার বলার পর তাঁকে নিতে লোক পাঠানো হয় বলে জানান এই অভিনেত্রী।
এরপর পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে ওঠে বলে অভিযোগ আকাঙ্ক্ষার। তাঁর দাবি, নিজের ইচ্ছার বিরুদ্ধে তাঁকে গাড়িতে বসিয়ে পেডকার গ্রাউন্ডে নিয়ে যাওয়া হয়। সেখানে দর্শকদের সামনে গাড়ি থামানো হলেও তাঁর সঙ্গে নিজের দলের কেউ ছিলেন না।
আকাঙ্ক্ষা জানান, দলের সদস্যরা সঙ্গে না থাকায় তিনি অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে চাইছিলেন না। নিজের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। কিন্তু তাঁর অভিযোগ, সঙ্গে থাকা ব্যক্তিরা বিষয়টিকে গুরুত্ব না দিয়ে হাসাহাসি করেন।
ঘটনাটি বর্ণনা করতে গিয়ে আকাঙ্ক্ষা বলেন, তাঁকে জোর করে গাড়িতে বসিয়ে মাঠে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি চিৎকার করে বোঝানোর চেষ্টা করছিলেন, নিজের দলের সদস্যদের ছাড়া সেখানে প্রবেশ করা তাঁর পক্ষে নিরাপদ নয়। তাঁর দাবি, সঙ্গে থাকা ব্যক্তিদের থাপ্পড় মারার পরই গাড়ি থামে।
এই অভিজ্ঞতাকে অপহরণের মতো পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছেন আকাঙ্ক্ষা। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
শুধু অব্যবস্থাপনা নয়, পারিশ্রমিক না দেওয়া এবং প্রচারের কাজে তাঁর ছবি ব্যবহার করা নিয়েও আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এই অভিনেত্রী। তবে এসব অভিযোগের বিষয়ে আয়োজকদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এমএ
