কালবেলা · সাধারণ
উখিয়ায় আরসার সদস্যসহ ২ ভাই আটক
১২/১০/২০২৬

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে অভিযান চালিয়ে দুই রোহিঙ্গাকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, চার রাউন্ড গুলি ও দুটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।
সোমবার (১২ অক্টোবর) ভোররাত ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত উখিয়ার ২ নম্বর পশ্চিম রোহিঙ্গা আশ্রয়শিবিরের সি-৫ ব্লকে এ যৌথ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন- ওই ব্লকের বাসিন্দা মো. ফয়সাল (২১) ও তার বড় ভাই রবিউল আলম (২৩)। এপিবিএনের দাবি, আটক ফয়সাল মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ‘আরসা’র জিম্মাদার হিসেবে পরিচিত।
১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে দুই ভাইয়ের বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটক দুই রোহিঙ্গাকে পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗