নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাহেব আলীকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত শুটার রনিকে গ্রেফতার করেছে এসআরবি। শরীয়তপুরের ভেদরগঞ্জ থেকে তাকে গ্রেফতারের পর হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সংবাদ সম্মেলনে এসআরবি-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ জানান, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে সাহেব আলীকে হত্যা করা হয়। নিহত সাহেব আলী ও রনি একই গ্রুপে কাজ করতেন। ব্যবসার নিয়ন্ত্রণ এককভাবে নিজের হাতে রাখা এবং মাদকের ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়।
তিনি বলেন, সাহেব আলীকে প্রথমে গুলি করার পর তিনি পাশের নালায় পড়ে যান। পরে আবার গুলি করে তার মৃত্যু নিশ্চিত করেন রনি। হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ার পর অভিযান শুরু হয়। একপর্যায়ে নারায়ণগঞ্জ থেকে পালিয়ে ভেদরগঞ্জে আশ্রয় নেন রনি। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় এর আগে ১৩ অক্টোবর সাব্বির নামে একজনকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করে এসআরবি-১১। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। রনির বিরুদ্ধে দুটি হত্যা, ছিনতাই ও মারামারিসহ চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে এসআরবি।
লে. কর্নেল মাসুদ পারভেজ বলেন, সাহেব আলী ও রনি দুজনকেই এর আগে র্যাব গ্রেফতার করেছিল। পরে তারা জামিনে মুক্ত হন। সিদ্ধিরগঞ্জের এ ঘটনায় জড়িত চক্রের আরও আটজনকে আগে গ্রেফতার করা হয়েছে।
নারায়ণগঞ্জের সন্ত্রাসীদের রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে অপরাধের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে।