ঝিনাইদহের শৈলকুপায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে মুজিবুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী নাজমা খাতুন আহত হয়েছেন। নিহতের অভিযুক্ত ছোট ভাই রবিউল ইসলাম পলাতক থাকায় তার স্ত্রী মিলি খাতুনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার ব্রহ্মপুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বাড়ির গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে মুজিবুল ইসলাম ও তার ছোট ভাই রবিউল ইসলামের মাঝে পারিবারিক ঝগড়ার ঘটনা ঘটে। ওই ঝগড়ার জেরে আজ শনিবার দুপুরে রবিউল ও তার স্ত্রী মিলি খাতুন লাঠি দিয়ে মজিবুল ইসলামের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলে মুজিবুল ইসলাম মারা যান। এসময় মারামারি ঠেকাতে গিয়ে নিহত মজিবুলের স্ত্রী নাজমা খাতুনও আহত হন।
এ ঘটনার পর থেকেই অভিযুক্ত রবিউল ইসলাম পালিয়ে যায়। পরে এলাকাবাসী রবিউলের স্ত্রী মিলি খাতুনকে আটক করে পুলিশ সোপর্দ করে।
এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মিলি খাতুন নামে একজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত রবিউলকে আটকের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ভিকটিমের পরিবার অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
