মানবপাচার ও প্রতারণার শিকার ৩০৯ জন বাংলাদেশি নাগরিক লিবিয়া থেকে দেশে ফিরে এসেছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ফ্লাই ওয়া ইন্টারন্যাশনাল পরিচালিত একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ উদ্যোগে এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। বিমানবন্দরে পৌঁছালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইওএম-এর প্রতিনিধিরা তাদের অভ্যর্থনা জানান।
বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের (বিএমইটি) সহকারী পরিচালক মোহাম্মদ শাহেদ হোসেন জানিয়েছেন, দেশে ফেরা প্রত্যেক ব্যক্তিকে আইওএমের পক্ষ থেকে ছয় হাজার টাকা নগদ সহায়তা ও খাবার সরবরাহ করা হয়েছে। পাশাপাশি প্রবাসী কল্যাণ ডেস্কের পক্ষ থেকেও তাদের সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, লিবিয়ায় অবস্থানরত এসব নাগরিক মানবপাচারকারীদের খপ্পরে পড়ে ভয়াবহ প্রতারণার শিকার হয়েছিলেন। দালালরা ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। পরবর্তীতে সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে প্রবেশের চেষ্টাকালে অনেকে আটক হন, আবার কেউ কেউ লিবিয়ায় অপহৃত হয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন।
সরকারের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই প্রত্যাবাসন কার্যক্রমে লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়া সরকার এবং আইওএম পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করেছে। সরকার বিদেশে বিপদগ্রস্ত নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনার পাশাপাশি অবৈধ পন্থায় বিদেশ গমনের ঝুঁকি সম্পর্কে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকার অবৈধ উপায়ে বিদেশযাত্রা নিরুৎসাহিত করতে এবং বিদেশে বিপদে পড়া নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে।
The post লিবিয়া থেকে দেশে ফিরলেন প্রতারণার শিকার ৩০৯ বাংলাদেশি appeared first on Daily Sangbad Chorcha.
