শরীয়তপুরের আংগারিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পেছনে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেছে পৌরসভা। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
ওই এলাকার আশপাশে আংগারিয়া উচ্চ বিদ্যালয়, আংগারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, আংগারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরো কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিয়মিত এ এলাকা দিয়ে চলাচল করে। তাই জায়গাটি পরিষ্কার রাখার গুরুত্ব অনেক বলে অভিমত পৌর কর্তৃপক্ষের।
এদিকে, পৌর এলাকার বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধনের জন্য কীটনাশক স্প্রে কার্যক্রমও চালানো হচ্ছে।
বুধবার (২১ অক্টোবর) স্থানীয় বাসিন্দা রুপম চন্দ্র বলেন, “মঙ্গলবার (২০ অক্টোবর) আমাদের এলাকায় মশা নিধনে স্প্রে করা হয়েছে। প্রতিটি বাড়িতে স্প্রে করা হলে মশার উপদ্রব কমবে বলে আমরা আশা করি। দীর্ঘদিন ধরে মশার উপদ্রবে ভোগান্তি পোহাতে হচ্ছে। নিয়মিত স্প্রে কার্যক্রম চালু রাখলে মশার উপদ্রব এবং ডেঙ্গুর ঝুঁকি কমে আসবে।”
পৌর প্রশাসক ওয়াহিদ হোসেন বলেন, “আবর্জনা পরিষ্কার, মশা নিধনে স্প্রে, অনলাইন পেমেন্ট ও হেল্পডেস্ক চালুর মতো ইতিমধ্যে নেওয়া উদ্যোগগুলো নাগরিক সেবা উন্নত করতে ভূমিকা রাখতে পারে। তবে এসব উদ্যোগের পাশাপাশি নাগরিকদেরও সচেতনতাও গুরুত্বপূর্ণ। নিয়মিত পৌরকর পরিশোধ, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে সহযোগিতা করলেই শরীয়তপুর পৌরসভাকে আরো পরিচ্ছন্ন ও বাসবাস যোগ্য করে তোলা সম্ভব।”
তিনি আরো বলেন, প্রথম শ্রেণির পৌরসভা হলেও নিজস্ব আয়ের উৎস সীমিত থাকায় সব নাগরিককে প্রত্যাশিত সুযোগ-সুবিধা দেওয়া সম্ভব হচ্ছে না। পৌরসভার উন্নয়ন ও সেবামূলক কাজ চালিয়ে যেতে নাগরিকদের নিয়মিত পৌরকর পরিশোধ এবং পৌর কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি।
