প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৮:৪০ পিএম আপডেট: ২২.১০.২০২৬ ৮:৪১ পিএম
মাদারীপুরের কালকিনিতে বোরকা পরা চার যুবকের বোমা বিস্ফোরণ ও ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় জনতার গণপিটুনিতে তাইজুল সরদার (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। হামলায় আহত চারজনের মধ্যে দুই ভাই মহাসিন ও জহির চৌকিদারের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। নিহত তাইজুল মাদারীপুর সদর উপজেলার কুলপদ্দি এলাকার রুস্তম সরদারের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি আলীনগর ইউনিয়নের মানিক সরদার হত্যা মামলার আসামি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বোরকা পরিহিত চার যুবক একটি অটোরিকশা থেকে নেমে কালিগঞ্জ বাজারে হানিফের চায়ের দোকানের সামনে তিনটি বোমার বিস্ফোরণ ঘটান। এরপর তারা সাবেক ইউপি চেয়ারম্যান মিলন সরদার, মহাসিন ও জহির চৌকিদারের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান।
এ সময় স্থানীয় লোকজন ধাওয়া করলে তিনজন পালিয়ে যান। তাইজুলকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, হামলায় জড়িতদের মধ্যে তাইজুল, সাইফুল ও আলামিনকে শনাক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার বিষয়টি সামনে এসেছে। ঘটনার সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি বলে জানান তিনি। এ ঘটনায় তদন্ত চলছে।
