সিলেট ভয়েস ডেস্ক · ১৭ অক্টোবর, ২০২৬ ৮:৩১ অপরাহ্ন
সনাতনীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপন নিশ্চিত করতে শ্রীমঙ্গল সেক্টরের দায়িত্বপূর্ণ এলাকায় ২৩৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে নিরাপত্তা জোরদারে ব্যবহার করা হচ্ছে ড্রোন।
শনিবার (১৭ অক্টোবর) হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা বিওপির আওতাধীন ঘিলাতলী জগন্নাথ দেবের আখড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল বিএম তৌহিদ হাসান। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন।
পরিদর্শনকালে পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন সেক্টর কমান্ডার। পরে পূজামণ্ডপের সভাপতির হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন তিনি। এ সময় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান উপস্থিত ছিলেন।
সেক্টর কমান্ডার কর্নেল বিএম তৌহিদ হাসান, শ্রীমঙ্গল, বিয়ানীবাজার ও হবিগঞ্জ ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ২০৬টি এবং ইউনিট সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে ৩১টি পূজামণ্ডপ রয়েছে। ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সীমান্ত সুরক্ষার নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় কাজ করছেন বিজিবি সদস্যরা।
তিনি বলেন, পুলিশ ও পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত রয়েছে। একই সঙ্গে গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি ছড়িয়ে পড়া ঠেকাতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, সারা দেশে ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। দুর্গম এলাকায় নিরাপত্তা কার্যক্রম জোরদার করতে স্থাপন করা হয়েছে ১৮টি বেইজ ক্যাম্প।
গুগলে আমাদের খবর পেতে
