চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ‘কিশোর গ্যাং নেতা’ হিসেবে পরিচিত ওয়াকিল হোসেন ওরফে বগা আদালতে আত্মসমর্পণ করেছেন। পরে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ওয়াকিল। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) হাসান ইকবাল চৌধুরী। তিনি বলেন, “চাঁদাবাজির একটি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আসামি ওয়াকিল হোসেন ওরফে বগা। আদালত তাঁর জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।”
জানা গেছে, ওয়াকিল চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে গত ৮ জুন তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, ওয়াকিলের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও দখলসহ বিভিন্ন অভিযোগে ২৩টি মামলা রয়েছে। একাধিক কিশোর গ্যাংয়ের নিয়ন্ত্রণ এবং দলীয় প্রভাব খাটিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
সর্বশেষ গত ৬ অক্টোবর নগরের টাইগার পাস এলাকার নগর ভবনে ওয়াকিলের অবস্থানের খবর পেয়ে তাঁকে ধরতে সেখানে অভিযান চালান পুলিশ সদস্যরা। তবে ওই সময় সেখানে তাঁকে পাওয়া যায়নি।
