Published on
:
1 min read
এই সময়: রাজ্যের ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি ও আর্কিটেকচার কলেজগুলির ফাঁকা আসনে এ বার সরাসরি ভর্তির অনুমতি দিল উচ্চশিক্ষা দপ্তর। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্যে এই সিদ্ধান্ত। ফলে এখনও ফাঁকা পড়ে থাকা ২০ হাজার আসনে কলেজগুলি সরাসরি পড়ুয়া ভর্তি করতে পারবে।
উচ্চশিক্ষা দপ্তরের কারিগরি শাখা মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কেন্দ্রীয় ও কলেজভিত্তিক কাউন্সেলিং প্রক্রিয়া শেষের পরেও যে আসনগুলি ফাঁকা রয়েছে, সেগুলিতে এই বিশেষ ব্যবস্থায় ভর্তি নেওয়া যাবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, কলেজগুলিকে ৩১ অক্টোবরের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে।
ভর্তি হওয়া পড়ুয়াদের যাবতীয় তথ্য রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের নির্দিষ্ট পোর্টালে নথিভুক্ত করার শেষ তারিখ ২ নভেম্বর। নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিটি কলেজে ফাঁকা আসনের সংখ্যা, সংশ্লিষ্ট কোর্সে ভর্তির যোগ্যতা, আবেদনের পদ্ধতি এবং সময়সীমা সরকারি ওয়েবসাইট-সহ বিভিন্ন মাধ্যমে প্রকাশ করতে হবে। সেই সঙ্গে ফাঁকা আসনের বিবরণ উচ্চশিক্ষা দপ্তর ও জয়েন্ট বোর্ডকেও জানাতে হবে।
আবেদন গ্রহণে কলেজগুলিকে একটি নির্দিষ্ট সরকারি ই-মেল আইডি প্রকাশ করতে হবে। ই-মেলের মাধ্যমে আবেদন গ্রহণের পাশাপাশি অফলাইনে অথবা কলেজের নিজস্ব অনলাইন ব্যবস্থায় জমা পড়া আবেদনও বিবেচনা করা যাবে। জয়েন্ট বোর্ড, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় এবং রাজ্য সরকারের নিয়ম মেনেই পড়ুয়াদের যোগ্যতা ও মেধার ভিত্তিতে ভর্তি করতে হবে।
সংরক্ষণ নীতিও যথাযথ ভাবে অনুসরণ করতে হবে। কোনও কলেজই সরকার অনুমোদিত মোট আসনের বেশি পড়ুয়া ভর্তি করতে পারবে না। অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল অ্যাকাডেমিক ইনস্টিটিউশনের (আপাই) এক আধিকারিকের মতে, কেন্দ্রীয় কাউন্সেলিংয়ের পরেই এই ব্যবস্থা করলে এত দেরি হতো না।