সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সে জন্য সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। পূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন সার্বক্ষণিক তৎপর রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আজ নরসিংদীর বেলাবো উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ভক্ত ও স্থানীয়দের উদ্দেশে দেওয়া বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী জানান, সরকারি অনুদানের পাশাপাশি অসচ্ছল হিন্দু পরিবারগুলোকে ৫ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে ১৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। তিনি বলেন, এসব সহায়তা কেবল আর্থিক অনুদান নয়, বরং সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবের সঙ্গে একাত্মতা প্রকাশ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার প্রয়াস।
নির্বাচনী এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের সমর্থন ও ভালোবাসার মর্যাদা রক্ষায় তিনি যত দিন দায়িত্বে থাকবেন, তত দিন তাঁদের পাশে থাকবেন। পূজাসংক্রান্ত যেকোনো সমস্যা ছাড়াও ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক প্রয়োজনে তাঁর সঙ্গে যোগাযোগের আহ্বান জানান মন্ত্রী।
বিআলো/শিলি