নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৯, ২০২৬ ১০:৪২ অপরাহ্ণ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগে সহকারী অধ্যাপক পদে ড. মাহমুদুল হাসানকে অস্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ দেওয়ার অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সোমবার (১৯ অক্টোবর) দায়েরকৃত এ মামলায় পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযুক্তরা হলেন, বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহমুদুল হাসান, সহযোগী অধ্যাপক ড. ওমর ফারুক, সহযোগী অধ্যাপক ড. শিমুল ইসলাম, সহকারী অধ্যাপক তানভীর আহমেদ এবং তৎকালীন রেজিস্ট্রার (বর্তমানে অবসরপ্রাপ্ত) প্রকৌশলী আহসান হাবীব।
মামলায় দুদকের উপসহকারী পরিচালক তাওহিদুল ইসলাম উল্লেখ করেছেন, বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি, নিয়োগ নীতিমালা ও ইউজিসির নির্দেশনা লঙ্ঘন করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগে সহকারী অধ্যাপক পদে ড. মাহমুদুল হাসানকে নিয়োগ দেওয়া হয়েছিল।
মামলার অভিযোগ অনুযায়ী, সহযোগী অধ্যাপক ড. ওমর ফারুক, সহযোগী অধ্যাপক ড. শিমুল ইসলাম, সহকারী অধ্যাপক তানভীর আহমেদ ও তৎকালীন রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব পরস্পর যোগসাজশে ড. মাহমুদুল হাসানের কাছ থেকে অবৈধভাবে লাভবান হয়ে দুর্নীতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তাকে বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক পদে অবৈধভাবে নিয়োগ প্রদান করেন।
সহকারী অধ্যাপক পদে নিয়োগ পাওয়ার পর ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত বেতন-ভাতা বাবদ সরকারি কোষাগার থেকে ৫৫ লাখ ১২ হাজার ৭৯৩ টাকা উত্তোলন করেছেন ড. মাহমুদুল হাসান। অভিযুক্তরা এ ঘটনায় দণ্ডবিধি, ১৮৬০-এর ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
খুলনা গেজেট/উউরা
