কালবেলা · সাধারণ
বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে হত্যা
১৭/১০/২০২৬

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিয়েতে দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট কথা-কাটাকাটির জেরে চাচাতো ভাইয়ের দেশীয় অস্ত্রের আঘাতে নাজিম উদ্দিন (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে জগন্নাথপুর পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের লুদুরপুর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে লুদুরপুর গ্রামে নিজ বাড়িতে পারিবারিক এক বিয়ের বিষয় নিয়ে নাজিম উদ্দিন ও তার বোনের মধ্যে আলোচনা হচ্ছিল। এ সময় কথা বলার একপর্যায়ে সেখানে যোগ দেন নাজিমের চাচাতো ভাই মাসুক মিয়া। আলোচনার একপর্যায়ে বিয়েতে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে মাসুক মিয়া ও নাজিম উদ্দিনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।
একপর্যায়ে মাসুক মিয়া উত্তেজিত হয়ে ঘর থেকে দেশীয় অস্ত্র ‘শূলফি’ এনে নাজিম উদ্দিনকে লক্ষ্য করে আঘাত করেন। এতে তিনি জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশঙ্কাজনক অবস্থায় স্বজনেরা নাজিমকে উদ্ধার করে দ্রুত জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন বলেন, বিয়েতে দাওয়াত না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে আপন চাচাতো ভাই মাসুক মিয়া শূলফি দিয়ে নাজিম উদ্দিনকে আঘাত করেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত মাসুক মিয়াকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗