নওগাঁর পত্নীতলা ও ধামইরহাট উপজেলায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৭৯ লাখ টাকা মূল্যের ১ হাজার ৮৭২টি পুরাতন বিদেশি কয়েন ও দুটি মোবাইলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জয়পুরহাট ২০ বিজিবি। এর আগে মঙ্গলবার রাতে জয়পুরহাট ২০ বিজিবি ও পত্নীতলা ১৪ বিজিবির এক যৌথ অভিযানে এসব মুদ্রা উদ্ধার করা হয়।
আটকরা হলেন- নওগাঁর পত্নীতলা উপজেলার মাদাইনগর গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে মো. রশিদ মিয়া (৫২) এবং ধামইরহাট বাজার এলাকার মৃত তমিজ উদ্দিনের ছেলে মো. রুবেল মিয়া (৫০)।
বিজিবি সূত্রে জানা যায়, জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক ও উপ-অধিনায়কের নেতৃত্বে একটি টহলদল পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) সার্বিক সহযোগিতায় চোরাচালানবিরোধী এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে পত্নীতলা উপজেলার মাদাইনগর এলাকা ও ধামইরহাট বাজার থেকে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।
পরে তাদের কাছ থেকে পাকিস্তানের পাঁচ পয়সার ৮৩৩টি তামার কয়েন এবং ভারতের ওয়ান কোয়ার্টার আনার ৭৩৫টি মুদ্রা উদ্ধার করা হয়। ভারতীয় কয়েনগুলোর মধ্যে রাজার ছবি সংবলিত ৫৮৭টি এবং রানির ছবি সংবলিত ১৪৮টি কয়েন রয়েছে।
এ ছাড়া বিভিন্ন সময়ের বিরল ও প্রত্নতাত্ত্বিক গুরুত্বসম্পন্ন সর্বমোট ১ হাজার ৮৭২টি কয়েন এবং দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। বিজিবির হিসেবে উদ্ধার এসব কয়েনের আনুমানিক জব্দমূল্য ২ কোটি ৭৯ লাখ ২৬ হাজার ১৪৩ টাকা।
বিজিবি জানায়, উদ্ধার করা কয়েন ও জব্দ করা মোবাইলসহ আটকদের নওগাঁর পত্নীতলা থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে। সীমান্তে মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
