কুমিল্লার লাকসাম উপজেলায় নিখোঁজের ১০ দিন পর কাউসার হোসেন (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার বাকই ইউনিয়নের তারাপুর গ্রামের একটি ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কাউসার ওই গ্রামের পূর্ব বাড়ির মৃত হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৩ অক্টোবর শুক্রবার বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি কাউসার। পরিবারের সদস্যরা একাধিকবার তার ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। রোববার সকালে তারাপুর গ্রামের একটি ধানখেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে লাকসাম থানার ওসি কাজী কামরুন্নাহার লায়লী ও উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উদ্ধারকাজের সময় মরদেহের পাশ থেকে বস্তাবন্দি কিছু সিগারেট উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে স্থানীয়রা জানান, সম্প্রতি নিহতের বাড়ির পাশের একটি দোকানে চুরি হয়েছিল। লাশের পাশ থেকে পাওয়া সিগারেটের বস্তাটি সেই চুরির ঘটনার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বিস্তারিত তদন্ত করলে আসল ঘটনা বেরিয়ে আসবে।
এ বিষয়ে লাকসাম থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনার নেপথ্যে কী ঘটেছে, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
