হবিগঞ্জ সদর উপজেলার ১০ নম্বর লস্করপুর ইউনিয়নের সুলতানশী সাহেব বাড়ি হাবিলিতে বিনামূল্যে চক্ষু ও দন্ত চিকিৎসাসেবা, ছানি পরীক্ষা এবং ওষুধ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচিতে প্রায় আড়াই হাজার অসহায় ও দরিদ্র মানুষ চিকিৎসাসেবা পেয়েছেন বলে জানিয়েছেন আয়োজকেরা।
গ্লোবাল মিশন ট্রাস্ট ও মিশন ভিশনের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল আর্থিক সংকটের কারণে চিকিৎসা করাতে না পারা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।
আয়োজক সূত্রে জানা যায়, প্রতিবছরের মতো এবারও সুলতানশী সাহেব বাড়ি হাবিলিতে এ চিকিৎসাসেবা কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় প্রয়াত শামছুল হক সাহেবসহ তাঁর আত্মীয়স্বজনের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি ১০ নম্বর লস্করপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফয়জুল এলাহী সামছুদ্দোহার উদ্যোগে চিকিৎসাসেবা নিতে আসা মানুষদের স্বাগত জানানো হয়।
স্থানীয় উপকারভোগীরা জানান, ফয়জুল এলাহী সামছুদ্দোহা ও তাঁর বোন-জামাতার উদ্যোগে মিশন ভিশনের সহযোগিতায় কয়েক বছর ধরে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে। তাঁদের দাবি, লন্ডন থেকে ৩০ থেকে ৪০ জন চিকিৎসক এনে নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে অসহায় মানুষের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এর ফলে এলাকার অনেক দরিদ্র মানুষ বিনামূল্যে চোখ ও দাঁতের চিকিৎসা নেওয়ার সুযোগ পাচ্ছেন।
চিকিৎসাসেবা গ্রহণকারী আনোয়ার মিয়া, শাফিয়া খাতুন, ছালমা বেগম ও গনি মিয়াসহ অনেকে এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। তাঁরা বলেন, চোখ ও দাঁত মানুষের দৈনন্দিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু আর্থিক সংকটের কারণে অনেক দরিদ্র মানুষ প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারেন না। বিনামূল্যে এ ধরনের চিকিৎসাসেবা তাঁদের জন্য বড় সহায়তা।
উপকারভোগীরা আরও বলেন, অর্থের অভাবে দীর্ঘদিন ধরে চোখ ও দাঁতের সমস্যায় ভোগা মানুষের জন্য এ উদ্যোগ অত্যন্ত উপকারী। তাঁরা প্রতিবছর এ কর্মসূচি অব্যাহত রাখার দাবি জানান এবং আয়োজকদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
স্থানীয়দের মতে, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিতভাবে এ কর্মসূচি চালু থাকলে দরিদ্র মানুষের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও বাড়বে। এ সময় লন্ডন থেকে আগত চিকিৎসকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এমএ
