অনলাইন ডেস্ক
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের মধ্যে আটকা পড়ার পর নিরাপদে দেশে ফিরেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী অপু বিশ্বাস ও তার নতুন সিনেমা *‘শিকার’*-এর পুরো শুটিং ইউনিট।
শুক্রবার (২৮ আগস্ট) ঢাকায় ফিরে গণমাধ্যমকর্মীদের কাছে নেপালের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান তিনি।
অপু বিশ্বাস বলেন, গত ২৬ আগস্ট কাঠমান্ডু থেকে প্রায় দুই থেকে তিন ঘণ্টার দূরত্বে একটি পাহাড়ি এলাকায় ভয়াবহ দুর্যোগ দেখা দেয়। কাকতালীয়ভাবে তাদের শুটিং দলের পরিকল্পনা ছিল একদিন পর, অর্থাৎ ২৭ আগস্ট ওই পথ দিয়ে যাত্রা করার। সময়সূচির পরিবর্তনের কারণেই বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন তারা।
তিনি জানান, যে পথ দিয়ে তাদের কাঠমান্ডুতে প্রবেশ করার কথা ছিল, দুর্যোগের কারণে সেই এলাকার পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। সংশ্লিষ্ট সড়কটি আগামী ১৫ থেকে ২০ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলেও জানান এই অভিনেত্রী।
মানবিক পরিস্থিতির কথা বিবেচনা করে নেপালে সিনেমাটির শুটিং স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। অপু বিশ্বাস বলেন, এমন ভয়াবহ দুর্যোগের মধ্যে মানুষের দুর্ভোগের সময় গানের শুটিং চালিয়ে যাওয়া অমানবিক মনে হওয়ায় পুরো টিমের সঙ্গে আলোচনা করেই দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে নেপালে *‘শিকার’* সিনেমার শুটিং চলছিল। ছবিটিতে অপু বিশ্বাসের পাশাপাশি অভিনয় করছেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা খরাজ মুখার্জি। দুর্যোগের খবর ছড়িয়ে পড়ার পর তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হলেও শেষ পর্যন্ত শুটিং ইউনিটের সদস্যরা নিরাপদে দেশে ফিরেছেন।
