কালবেলা · সাধারণ
দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতার বিকল্প নেই
১৪/১০/২০২৬

খুলনার দাকোপ উপজেলায় ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা জেজেএসের উপজেলা সমন্বয়কারী মো. শোয়াইব উদ্দীনের পরিচালনায় এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ ভৌগোলিক কারণেই দুর্যোগপ্রবণ। পূর্বপ্রস্তুতি থাকলে দুর্যোগে ক্ষয়ক্ষতি কম হয়। দুর্যোগকালে মানুষের ভোগান্তি বাড়ে। ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, নদীভাঙন, ভূমিধস, অগ্নিকাণ্ড, ভূমিকম্প প্রভৃতি দুর্যোগ এখন অনিবার্য বাস্তবতা। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি যত বেশি নেওয়া যাবে, দুর্যোগের ক্ষয়ক্ষতি তত কমিয়ে আনা সম্ভব হবে। এক্ষেত্রে জনসচেতনতার বিকল্প নেই বলে মন্তব্য করেন বক্তারা।
শোভাযাত্রাটি উপজেলার সদর চালনা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ হয়ে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এরপর উপজেলা কমপ্লেক্সের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বোরহান উদ্দীন মিঠুর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সেবগাতুল্ল্যাহ্, কৃষি কর্মকর্তা শিউলী মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা প্রজিৎ রায়, সমবায় কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান, চালনা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মোজাফ্ফার হোসেন ও সিপিপির উপজেলা সমন্বয়কারী দেবাশীষ ঢালীসহ অনেকে।
মূল প্রতিবেদনে যান ↗