Published on
:
1 min read
ইন্ডাস্ট্রিকে দীর্ঘ বছর নানা উপহার দিয়েছেন তিনি। তবে জীবনে কিছু কিছু কঠিন সময় আসে যখন অদ্ভুত মুহূর্তের সম্মুখীন হতে হয় মানুষকে। তোলপাড় করে দেয় জীবন। একতা কাপুরের জীবনেও ঠিক তেমনটাই ঘটেছিল। তাঁর কেরিয়ারের অন্যতম খারাপ সময় ছিল ২০০৮ সাল। কী ঘটেছিল তাঁর সঙ্গে? মুখ খুললেন প্রযোজক।
করোনায় অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে কেটেছে অনেকেরই। সেই তালিকায় রয়েছেন একতাও। সম্প্রতি একটি পডকাস্টে জীবনের কঠিন অধ্যায় ভাগ করে নিলেন প্রযোজক। তবে ২০০৮ সালের মতো খারাপ বছর তাঁর জীবনে কখনও আসেনি।
সেই সময়ের অভিজ্ঞতা শেয়ার করে একতা বলেন, ‘আমার সঙ্গে ওই বছরটায় ভালো কিছু ঘটেনি। পেশাগত দিক থেকে খুব খারাপ ছিল ওই বছরটা। একের পর এক ভুল হয়ে যাচ্ছিল।’ তবে নিজের কিছু ধারণাও বদলে গিয়েছিল। কারণ, তাঁর মধ্যে ধারণা ছিল, তিনিই সবচেয়ে ভালো কাজ করেন। পরে বুঝেছিলেন এই সবই ভ্রান্ত ভাবনা।
তবে পেশাগত দিক থেকে ২০০৮ যেমন কঠিন ছিল, ঠিক তেমনই ২০২১ ও ২০২২ সালও মানসিক যন্ত্রণার ছিল একতার কাছে। সেই সময়ের ঘরবন্দি জীবন, একের পর এক কাছের মানুষের মৃত্যু, পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয়েছে তাঁকে। একতার কথায়, ‘আমার চারপাশে যা ঘটছিল, সেটা খুব একটা মানিয়ে নিতে পারছিলাম না। কারণ, সময়টা আমার কাছে এত ভয়ঙ্কর ছিল।’