চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জে দেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন ও বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন একটি শোরুম উদ্বোধন করা হয়েছে।
সম্প্রতি মুন্সিগঞ্জ রেলগেটের পাশে এস আলম ভবনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শোরুমটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন শোরুমের শুভ উদ্বোধন করেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের পরিচালক মোহাম্মদ আলী হায়দার।
উদ্বোধনী অনুষ্ঠানে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ডিভিশনাল ম্যানেজার মইনউদ্দিন মাহিনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের পরিচালক মোহাম্মদ আলী হায়দার বলেন, “উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশেই বিশ্বমানের ও বিদ্যুৎ সাশ্রয়ী ইলেকট্রনিক্স পণ্য তৈরি করছে মিনিস্টার-মাইওয়ান গ্রুপ। আমরা সুলভ মূল্যে দেশের মানুষের কাছে এসব পণ্য পৌঁছে দেওয়ার পাশাপাশি নিরবচ্ছিন্ন বিক্রয়োত্তর সেবা প্রদান নিশ্চিত করছি। দেশের প্রতিটি প্রান্তে আমাদের সেবা সম্প্রসারণের ধারাবাহিকতায় আলমডাঙ্গার মুন্সিগঞ্জে নতুন এই শোরুম চালু করা হয়েছে।”
কোম্পানি সূত্রে জানানো হয়, নতুন এই শোরুম থেকে স্থানীয় ক্রেতারা মিনিস্টার (MINISTER) ও মাইওয়ান (MYONE) ব্র্যান্ডের সর্বাধুনিক প্রযুক্তির সব ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যের পাশাপাশি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিগো (Chigo) ব্র্যান্ডের এয়ার কন্ডিশনারও সহজে সাশ্রয়ী মূল্যে ক্রয় করতে পারবেন।
