দীর্ঘ অনিশ্চয়তার পর যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি কর্মসূচি পুনরায় চালুর সম্ভাবনা তৈরি হয়েছে। আদালতের নির্দেশে ২০২৭ সালের ডিভি লটারির নিবন্ধন কার্যক্রম শুরুর প্রস্তুতি নিতে হচ্ছে ট্রাম্প প্রশাসনকে। তবে বাংলাদেশিরা এবার আবেদন করতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মার্কিন ডিস্ট্রিক্ট বিচারক জিনসুক ওহতা পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ডিভি লটারির নিবন্ধন প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশে আগামী ২৯ অক্টোবরের মধ্যে আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ এবং ১ নভেম্বর থেকে ৩০ দিনের নিবন্ধন কার্যক্রম চালুর কথা বলা হয়েছে।
এ ছাড়া ৩ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত আবেদনকারীদের ফল প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নির্বাচিত ব্যক্তিদের ভিসাপ্রক্রিয়া সম্পন্ন করার শেষ সময় ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর।
তবে আদালতের এ আদেশের বিরুদ্ধে আপিল করেছে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে আদেশ স্থগিতের আবেদনও জানানো হয়েছে। ফলে নির্ধারিত সময়ে নিবন্ধন কার্যক্রম শুরু হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
বাংলাদেশিদের অংশগ্রহণের বিষয়টিও এখনো স্পষ্ট নয়। দেশটি ২০১২ সাল থেকে ডিভি লটারির যোগ্য দেশের তালিকার বাইরে রয়েছে। আগামী ২৯ অক্টোবর আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশিত হলে যোগ্য দেশের তালিকা সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।
যুক্তরাষ্ট্রে তুলনামূলক কম অভিবাসী পাঠানো দেশগুলোর নাগরিকদের সুযোগ দিতে ১৯৯০ সালের ইমিগ্রেশন অ্যাক্টের আওতায় ডাইভারসিটি ভিসা কর্মসূচি চালু করা হয়। তবে লটারিতে নির্বাচিত হলেই ভিসা নিশ্চিত হয় না। আবেদনকারীদের নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা অথবা কাজের অভিজ্ঞতাসহ অন্যান্য শর্ত পূরণ করতে হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের নভেম্বরে ডিভি লটারির আবেদন কার্যক্রম স্থগিত করার পর দীর্ঘ বিলম্ব তৈরি হয়। পরে ‘রেড ইগল ল’ নামের একটি আইনি সংস্থা আদালতের দ্বারস্থ হয়। এর পরিপ্রেক্ষিতে আদালত নিবন্ধনের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেন।
আদালতের নির্দেশ কার্যকর থাকবে, নাকি আপিলের কারণে নিবন্ধন প্রক্রিয়া আবার পিছিয়ে যাবে, তা পরবর্তী আইনি সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
সূত্র: ফোর্বসের বরাতে দেওয়া তথ্য।
