চাঁদাবাজির মামলায় আদালত থেকে জামিন নিয়ে বাদীকে হত্যার চেষ্টা করেছেন মামলার আসামিরা। বাদী একজন শিক্ষানবিশ আইনজীবী হয়েও এখন নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি। বাদী গাজীপুর জেলার কালিয়াকৈর থানার চাতৈইলাভিটি গ্রামের খায়রুল ইসলাম খোকন ঢাকার আদালতের একজন শিক্ষানবিশ আইনজীবী।
সোমবার (১২ অক্টোবর) ঢাকার কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে তিনি তার এবং তার পরিবারের লোকজনের ওপর দুর্বৃত্তদের হামলার বর্ণনা দেন। মামলার বাদী এবং তার পরিবারের সদস্যদের রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
ভুক্তভোগী জানান, তার প্রতিবেশী আল আমিন, মো. শাহিনুর, মোস্তফা, সাইফুল, জাকির হোসেন, শফিকুল ইসলাম, সিয়াম, কামরুল হোসেন, নুরুন্নাহার, জেসমিন শাহনাজ বেগম, মিতু, রোমান ও মানিক এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জন বাদীর পৈত্রিক সম্পত্তি দখলের পায়তারা করে আসছেন দীর্ঘদিন ধরে। একইসঙ্গে বিভিন্ন অংকের চাঁদাও দাবি করে আসছেন তারা। এ ঘটনায় বাদী গত ১৪ জুন গাজীপুর আদালতে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করেন। আদালত চাঁদাবাজির ঘটনাটি গাজীপুরের শিল্প পুলিশকে তদন্তের নির্দেশ দেন।
পুলিশ তদন্ত করে বাদীর অভিযোগের সত্যতা পেয়ে প্রতিবেদন দেয়। গত ৬ অক্টোবর উক্ত মামলার আসামিরা আদালতে আত্মসমর্পন করে জামিন পান। জামিন পেয়েই তারা ও তাদের লোকজন বাদীর বাড়ি ঘরে হামলা, ভাঙচুর করে এবং বাদীর বাড়িতে আগুন দেয়। অন্যদিকে বাদী আদালত থেকে বাড়ি ফেরার পথে বাড়ির সামনে তাকে আটকে বেদম মারধর করে। তাকে হত্যার চেষ্টা করেন। গুরুতর আহত অবস্থায় বাদীর বাবা ও অন্যান্যরা এগিয়ে আসলে দূর্বৃত্তরা তাদেরও মারধর করে। কুপিয়ে জখম করেন।
গুরুতর আহত অবস্থায় বাদীকে প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে বাদীর আত্মীয় মোহাম্মদ রিফাত হোসেন এ ঘটনায় কালিয়াকৈর থানায় হত্যা চেষ্টা মামলা করেন। মামলায় ১৬ জনকে আসামি করা হয়। এদের মধ্যে ১৫ আসামি গত রোববার (১১ অক্টোবর) গাজীপুর আদালতে আত্মসমর্পণ করেন। তাদের মধ্যে ১৩ জনকে আদালত জামিন দেন। দুই আসামি নুরুন্নাহার ও সেতুকে কারাগারে পাঠানো হয়।
বাদী সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করেন, যাদের জামিন দেওয়া হয়েছে তারা জামিনে গিয়ে আবারো প্রকাশ্যে বাদী এবং তার পরিবারের লোকজনকে হত্যার হুমকি দিচ্ছে।
তার ও তার পরিবারের সদস্যদের প্রাণরক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তিনি।
