প্রকাশিত: ০৮:৩৮, ১৬ অক্টোবর ২০২৬ আপডেট: ০৮:৪০, ১৬ অক্টোবর ২০২৬
ভোলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
নদী থেকে আটকের পর জেলেদের তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়
নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে মাছ ধরার অপরাধে ১০ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। এসময় মাছ ধরার দুটি ট্রলার জব্দ হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত প্রত্যেককে ২০দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মৎস্য অফিস সূত্রে জানায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেনের নেতৃত্বে মৎস্য বিভাগের একটি দল মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বাসনভাঙ্গা চরের দক্ষিণ-পশ্চিম পাশে মাছ শিকার করা অবস্থায় ১০ জেলেকে আটক করা হয়। পাশাপাশি মাছ ধরার দুটি ট্রলারও জব্দ করে মৎস্য প্রশাসন। পরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বনি আমিন। তিনি আটককৃতদের প্রত্যেককে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। আটক জেলেদের বাড়ি লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বনি আমিন বলেন, “মেঘনা নদীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞার ২২ দিনে কেউ সরকারি আইন লঙ্ঘন করলে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।”
