আর জল্পনা নয়, আমির খান নিজেই এদিন জানিয়ে দিলেন 'থ্রি ইডিয়টস' ছবির সিক্যুয়েল আসছে। বর্তমানে স্ক্রিপ্ট নিয়ে কাজ করছেন পরিচালক রাজকুমার হিরানি। এবং শীঘ্রই ফাইনাল স্ক্রিপ্ট লক করে সেটা তিনি 'মিস্টার পারফেকশনিস্ট'কে শোনাবেন।
আমির খান সম্প্রতি সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়েছিলেন। সেখানে তিনি স্ক্রিন আইকন অ্যাওয়ার্ড পান। এরপরই তিনি সেই মঞ্চে দাঁড়িয়েই 'থ্রি ইডিয়টস' ছবির সিক্যুয়েল নিয়ে কথা বলেন। তবে সেটা বলার আগে তিনি রাজকুমার হিরানির সঙ্গে কথা বলেন, এবং জেনে নেন ছবিটির বিষয়ে তিনি এখনই প্রকাশ্যে কিছু বলতে পারবেন কিনা। অনুমতি পাওয়ার পর জল্পনায় সিলমোহর দেন।
আমির খান 'থ্রি ইডিয়টস' ছবির সিক্যুয়েল প্রসঙ্গে বলেন, 'আমি খুব একটা বেশি কথা বলতে পারব না এই বিষয়ে। আমার মনে হয়, আমি এটুকুই বলতে পারি যে রাজু বর্তমানে স্ক্রিপ্ট নিয়ে কাজ করছি। আমার অনুমান, হয়তো আগামী কয়েক সপ্তাহের মধ্যে ও আমাকে ফাইনাল স্ক্রিপ্ট শোনাবে। আপাতত সেটারই অপেক্ষা করছি।'
ফলে এতদিন যাবত 'থ্রি ইডিয়টস ২' ছবিটি নিয়ে যে জল্পনা চলেছে, সেটা যে সত্যি সেটা স্পষ্ট। তবে এখনও পর্যন্ত ছবিটির বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে কবে থেকে শুটিং শুরু হবে, কবে মুক্তি পাবে ছবিটি সেটা এখনও অজানা। তবে বলাই বাহুল্য, 'থ্রি ইডিয়টস ২' আসলে আমির খানকে যে দর্শক আবারও 'ফুংসুক ওয়াংডু' ওরফে 'র্যাঞ্চো'র ভূমিকায় দেখতে পাবেন যে সেটা নিঃসন্দেহে বলা যায়। তবে এই ছবিতে তাঁর সঙ্গে আবারও শরমন যোশী, আর মাধবন এবং করিনা কাপুরকে দেখা যাবে কিনা সেটা স্পষ্ট নয়।
প্রসঙ্গত, ২০০৯ সালে মুক্তি পেয়েছিল 'থ্রি ইডিয়টস'। বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছিল সেই ছবি। তিন বন্ধুর এই গল্প কালজয়ী হয়ে আছে।
https://youtu.be/dIQLVUVk9jc?si=8LhZRbKgkv9676mV
