গোপালপুরে ৯ বছর বয়সি এক শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগে লিটন (৫৭) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার তাকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে। এদিকে শিশুটিকে পরীক্ষার জন্য টাঙ্গাইল হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার হাদিরা ইউনিয়নের চাতুটিয়া গ্রামের তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। লিটন ওই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। অভিযোগ অনুযায়ী, গ্রামের মান্নান খলিফার বাড়ির সামনে সড়কে শিশুটিকে একা পেয়ে কৌশলে ফুসলিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলেও অভিযোগ রয়েছে। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসায় ব্যর্থ ও পরে খবর পেয়ে লিটনকে আটক করে পুলিশ। ওসি রুহুল আমিন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।