বীমাগ্রহীতা বা তার মনোনীত ব্যক্তিকে (নমিনি) বীমাদাবির টাকা পেতে নতুন পলিসি কিনতে বাধ্য করা যাবে না। একইভাবে, বীমাদাবির প্রাপ্য অর্থ থেকে নতুন পলিসির প্রিমিয়াম কেটে রাখাও নিষিদ্ধ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
আইডিআরএর লাইফ অনুবিভাগের অ্যাকচুয়ারিয়াল শাখা থেকে সম্প্রতি এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। এটি অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে আইডিআরএ।
সার্কুলারে বলা হয়েছে, সম্প্রতি কিছু জীবনবীমা কোম্পানি মেয়াদোত্তীর্ণ বীমাদাবি, মৃত্যুদাবি ও প্রত্যর্পণ সুবিধার (সারভাইভাল বেনিফিট) অর্থ পরিশোধের ক্ষেত্রে গ্রাহক বা নমিনিকে একই কোম্পানির নতুন পলিসি কেনার শর্ত দিচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে পুরোনো পলিসির প্রাপ্য অর্থ থেকে নতুন পলিসির প্রিমিয়াম কেটে রেখে অবশিষ্ট টাকা পরিশোধ করা হচ্ছে। এতে গ্রাহকের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বীমা খাতের প্রতি অসন্তোষ তৈরি হচ্ছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।
আইডিআরএ জানিয়েছে, বিদ্যমান আইনি কাঠামো অনুযায়ী, বীমাদাবির সম্পূর্ণ অর্থ বীমাগ্রহীতা বা নমিনিকে ৯০ (নব্বই) দিনের মধ্যে পরিশোধ করার বাধ্যবাধকতা রয়েছে। বীমাদাবির অর্থ প্রদানের ক্ষেত্রে বীমাগ্রহীতাকে নতুন কোনো পলিসি কিনতে বাধ্য করা বা নতুন পলিসির প্রিমিয়াম বীমাদাবির প্রাপ্য অর্থের সঙ্গে সমন্বয় করে নেওয়ার কোনো সুযোগ নেই। এ ধরনের কার্যক্রম আইনের লঙ্ঘন। বীমাকারীর এ ধরনের কার্যক্রম বীমাগ্রাহকের অসন্তোষ সৃষ্টি করছে, তার স্বার্থহানি ঘটাচ্ছে এবং বীমাশিল্পের ক্ষতিসাধন করছে।
এমন পরিস্থিতিতে জীবনবীমার দাবি পরিশোধের ক্ষেত্রে বীমাকারীকে নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করতে হবে:
১. কোনো বীমাদাবি পরিশোধের সময় প্রাপ্য সমুদয় অর্থ বীমাগ্রহীতা বা নমিনির ব্যাংক হিসাবে এককালীন স্থানান্তর করতে হবে। এ ক্ষেত্রে প্রযোজ্য সরকারি রাজস্ব ব্যতীত অন্য কোনো অর্থ বা ফি কর্তন করা যাবে না।
২. মেয়াদোত্তীর্ণ বীমাদাবির প্রাপ্য অর্থ আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে পরিশোধ করা না হলে এবং পরবর্তী ৩০ দিনের মধ্যে, অর্থাৎ ৯১ থেকে ১২০ দিনের মধ্যে পরিশোধ করা হলে, পরিশোধের সর্বশেষ তারিখ থেকে পরবর্তী ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট বীমাগ্রহীতার অনুকূলে একই বীমাকারী নতুন কোনো পলিসি ইস্যু করতে পারবে না।
৩. মেয়াদোত্তীর্ণ বীমাদাবির অর্থ ১২০ দিন বা তার বেশি সময় পরে পরিশোধ করা হলে, অর্থ পরিশোধের সর্বশেষ তারিখ থেকে পরবর্তী ১৮০ দিনের মধ্যে সংশ্লিষ্ট বীমাগ্রহীতার অনুকূলে একই বীমাকারী নতুন কোনো পলিসি ইস্যু করতে পারবে না।
৪. মেয়াদোত্তীর্ণ বীমাদাবির প্রাপ্য অর্থ আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে সম্পূর্ণ পরিশোধ করা হলে সংশ্লিষ্ট বীমাগ্রহীতার অনুকূলে একই বীমাকারী নতুন কোনো পলিসি ইস্যু করতে কোনো বাধা থাকবে না।
