কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় আজ শনিবার (১৭ অক্টোবর) শুরু হয়েছে বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব ও লোকজ মেলা। আগামী সোমবার (১৯ অক্টোবর) পর্যন্ত চলবে এ আয়োজন।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় লালন একাডেমি এ উৎসবের আয়োজন করেছে। আজ শনিবার বিকেলে উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের। এতে সভাপতিত্ব করার কথা রয়েছে কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি তৌহিদ বিন-হাসানের।
এবারের উৎসবের প্রতিপাদ্য ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’। উৎসব উপলক্ষে আখড়াবাড়ি এলাকায় তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। প্রতিদিন সেখানে লালন শাহের জীবন ও দর্শন নিয়ে আলোচনা এবং শিল্পীদের পরিবেশনায় লালনসংগীতের আসর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উৎসব ঘিরে ছেঁউড়িয়ায় সমবেত হয়েছেন দেশের বিভিন্ন অঞ্চল ও বিদেশ থেকে আসা বাউল, সাধু, ভক্ত এবং দর্শনার্থীরা। একতারা, দোতারা ও খমকের সুরে মুখর হয়ে উঠেছে আখড়াবাড়ি এলাকা। পাশাপাশি বসেছে গ্রামীণ পণ্যের লোকজ মেলা।
লালন শাহের মানবতাবাদী দর্শন, অসাম্প্রদায়িক চেতনা ও সংগীতের ঐতিহ্য তুলে ধরতে প্রতিবছর এ আয়োজন ঘিরে বাউলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। উৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তাব্যবস্থাও নেওয়া হয়েছে।
আগামী দুই দিন লালনসংগীত, আলোচনা ও লোকজ আয়োজনের মধ্য দিয়ে চলবে এই স্মরণোৎসব।
