Published on
:
1 min read
বিয়ের পর থেকেই খবরের শিরোনামে দক্ষিণী তারকা-দম্পতি বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন, সংসার এবং নিজের মায়ের সঙ্গে স্ত্রী রশ্মিকার মধুর সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করলেন বিজয়। অভিনেতা জানান, তাঁর মা মাধবী দেবেরাকোন্ডার সঙ্গে রশ্মিকার সম্পর্ক কতটা গভীর ও আন্তরিক।
বিয়ের আগে পরিবার এবং মায়ের মতামত তাঁর কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল, তা নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন বিজয়। তাঁর কথায়, ‘আমার বাবা-মা রশ্মিকাকে মেনে নেবেন কি না, সেটা আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। তবে ওর সঙ্গে আমার মায়ের সম্পর্কটা বরাবরই আলাদা। ওরা একে অপরকে প্রচণ্ড ভালোবাসে। যেন মা আর মেয়ে।’ বিজয় জানান, এই সমীকরণ কিন্তু বিয়ের পরে তৈরি হয়নি। বরং বিয়ের অনেক আগে থেকেই তাঁদের মধ্যে এই ভালোবাসা আর বোঝাপড়া তৈরি হয়েছিল।
মায়ের সঙ্গে রশ্মিকার এই আন্তরিক ভালোবাসা দেখেই বিয়ের সিদ্ধান্ত নেওয়া আরও সহজ হয়েছিল বলে জানান ‘রণবালি’। বিজয় আরও যোগ করেন, ‘যখন দেখলাম মা আর রশ্মিকার মধ্যে এত সুন্দর সম্পর্ক, তখন মনে হয়েছিল—ব্যস, আমার সব আশা পূর্ণ হয়েছে। ও আমাকে খুব ভালোবাসে, আমিও ওকে ভালোবাসি এবং আমরা একে অপরের উপর ভীষণভাবে নির্ভরশীল। তখনই বুঝতে পারি, ওর সঙ্গে নিজের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। তখনই নিজেকে বিয়ের জন্য প্রস্তুত মনে হয়েছিল।’