অং সান সু চিকে বই পাঠালেন রাজা তৃতীয় চার্লস
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
মিয়ানমারের কারাবন্দি সাবেক নেত্রী অং সান সু চিকে দুটি বই পাঠিয়েছেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস। সোমবার (১৯ অক্টোবর) সু চির কাছে বই ও একটি সিলগালা চিঠি পৌঁছে দেন কর্মকর্তারা। এ সময়ের কিছু বিরল ছবিও প্রকাশ করেছে মিয়ানমারের সামরিক সরকার।
মঙ্গলবার ২০ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সু চির সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে তিনি বন্দি রয়েছেন। বিভিন্ন মহলের মতে, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অভ্যুত্থানের পর তাকে প্রথমে ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। গত জুনে তাকে গৃহবন্দি করা হয়।
মিয়ানমারের সরকারি বিবৃতিতে বলা হয়েছে, সু চিকে পাঠানো বই দুটি হলো ব্রিটিশ লেখক ব্রিজেট এলওয়ার্থি ও হেনরিয়েটা কোর্টল্যান্ডের ‘সয়েল টু টেবিল’ এবং ‘সয়েল: দ্য ওয়ার্ল্ড অ্যাট আওয়ার ফিট’। দ্বিতীয় বইটি গত বছর লন্ডনে অনুষ্ঠিত একটি প্রদর্শনীর ক্যাটালগ। ‘সয়েল টু টেবিল’ বইটিতে মাটি ও আমাদের খাদ্যের সঙ্গে এর সম্পর্ক তুলে ধরা হয়েছে।
১৯৯১ সালে মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠার অহিংস আন্দোলনে ভূমিকার জন্য নোবেল শান্তি পুরস্কার পান সু চি। কারাবন্দি অবস্থায় তিনি নিয়মিত বই পড়তেন বলে জানা যায়। বিশেষ করে ধর্ম ও প্রকৃতিবিষয়ক বইয়ের প্রতি তার আগ্রহ রয়েছে।
সোমবার প্রকাশিত ছবিতে সু চিকে হালকা সবুজ রঙের ঐতিহ্যবাহী বার্মিজ ব্লাউজ ও জলপাই রঙের স্কার্ট পরা অবস্থায় দেখা যায়। তিনি একটি টেবিলের অপর পাশে সাদা শার্ট পরা দুই ব্যক্তির মুখোমুখি বসেছিলেন।
তবে সু চির শারীরিক অবস্থা কেমন, কিংবা ওই সাক্ষাতে আর কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য জানায়নি মিয়ানমার সরকার।
এদিকে, অভ্যুত্থানের পর মিয়ানমারের আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটাতে তৎপরতা চালাচ্ছেন সামরিক অভ্যুত্থানের নেতা মিন অং হ্লাইং। সম্প্রতি বিতর্কিত নির্বাচনের পর তিনি দেশটির প্রেসিডেন্ট হয়েছেন। নির্বাচনটি অবাধ ও সুষ্ঠু ছিল না বলে ব্যাপক সমালোচনা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত মিন অং হ্লাইং পশ্চিমা দেশগুলোতে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে রয়েছেন। তবে এশিয়ার বিভিন্ন দেশে কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গেও আলোচনা করছেন তিনি।
গত আগস্টে আন্তর্জাতিক রেডক্রস কমিটির এক প্রতিনিধির সঙ্গে সু চির সাক্ষাতের ছবি প্রকাশ করেছিল মিয়ানমার সরকার। তার ছেলে কিম অ্যারিসের কাছে আড়াই বছর আগে চিঠি পাঠানোর পর সেটিই ছিল সু চির সঙ্গে কোনো বিদেশি প্রতিনিধির যোগাযোগের প্রথম নিশ্চিত খবর। তখন কিম জানিয়েছিলেন, ছবিতে তার মাকে সুস্থ দেখাচ্ছিল।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
