কালবেলা · আন্তর্জাতিক
এক দিনে ইয়েমেনে হুতিদের ওপর ১১৬৪ হামলা
২০/১০/২০২৬

ইয়েমেনের তাইজ প্রদেশে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান জোরদার করে নতুন কিছু অবস্থান দখলের দাবি করেছে দেশটির সরকারি বাহিনী। গত ২৪ ঘণ্টায় হুতিদের লক্ষ্য করে ১ হাজার ১৬৪টি হামলা চালানো এবং আনুমানিক ৫৫৮ জন যোদ্ধাকে নিষ্ক্রিয় করার দাবি জানিয়েছে তারা।
সোমবার (১৯ অক্টোবর) ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র মাজেদ আল নুজাইলি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান। মঙ্গলবার আরব নিউজ সংবাদ প্রকাশ করে।
মাজেদ আল নুজাইলি বলেন, ‘ডন অব ইয়েমেন’ নামের অভিযানের অংশ হিসেবে সরকারি বাহিনী তাইজে হুতি যোদ্ধাদের পিছু হটতে বাধ্য করেছে। এ সময় বিমান হামলা ও গোলন্দাজ বাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।
সামরিক বাহিনীর দাবি, অভিযানে হুতিদের ১৩৫টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্রোহীদের সেনা সমাবেশ, অতিরিক্ত শক্তি পাঠানোর পথ, প্রতিরক্ষা অবস্থান এবং সরবরাহ রুট লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।
আল-নুজাইলি জানান, অভিযান পরিচালনায় যুদ্ধবিমান, ড্রোন, ফিল্ড আর্টিলারি, রকেট লঞ্চার ও স্নাইপার ইউনিট ব্যবহার করা হয়েছে। এতে হুতিদের গোলাবর্ষণের অবস্থান ও সরবরাহব্যবস্থা ব্যাহত হয়েছে বলে দাবি করেছে সরকারি বাহিনী।
তবে হতাহত ও ক্ষয়ক্ষতির এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি। হুতি বিদ্রোহীদের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আরব নিউজ
মূল প্রতিবেদনে যান ↗