নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের চকবাজারে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেটের (ডিডিএন) কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় রাজ্জাক ওরফে রাজু (২৬) নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে নগরের চান্দগাঁও থানার টেকবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার বিকেলে এ তথ্য জানান মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মনোয়ার হোসেন। তিনি বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, রাজ্জাক ঘটনার দিন দেশীয় অস্ত্র হাতে প্রথমে ডিডিএনের কার্যালয়ে প্রবেশের পর প্রতিষ্ঠানের কাচের দরজা ও আসবাব ভাঙচুর করেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে বৃহস্পতিবার অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। প্রতিষ্ঠানটিতে হামলার ঘটনায় করা মামলায় এ পর্যন্ত ৩০ জনের বেশি আসামিকে গ্রেপ্তার করা হয়।
গত ১৩ জুলাই দুপুরে চকবাজার থানার কাছেই ডিডিএনের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় প্রতিষ্ঠানের কর্মীদের বেতনের জন্য রাখা ৩৫ লাখ টাকা এবং কয়েকটি ল্যাপটপ লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই রাতেই ৩০ থেকে ৪০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা করে প্রতিষ্ঠানটি।
হামলার পর ডিডিএনের মালিক আদিল বিন মামুনের সঙ্গে শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই কথোপকথনে আদিলের কাছে এককালীন ২ কোটি টাকা এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করতে শোনা যায় ইমনকে।
তদন্ত কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, এ মামলায় ডেভিড ইমনের নাম আসায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন আগেই আদালতে করা হয়েছিল। তবে এ বিষয়ে এখনো শুনানি হয়নি। যদিও ডিডিএনের কার্যালয়ে হামলার অভিযোগ শুরু থেকে অস্বীকার করে আসছেন ইমন।
পুলিশের তথ্য অনুযায়ী, ফটিকছড়ির কাঞ্চননগর এলাকার বাসিন্দা ইমন ২০২৪ সালের আগস্টের পর চট্টগ্রামের অপরাধজগতে আলোচনায় আসেন। পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা ইমনকে গত ২৯ জুলাই যশোরের সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে অন্তত ১৬টি মামলা রয়েছে।
